শিগগিরই কোচ হবেন না ফ্লেমিং
মনে হচ্ছে, স্টিভেন ফ্লেমিংকে কোচ হিসেবে দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। নিউজিল্যান্ডের বর্তমান কোচ জন রাইটের স্থলাভিষিক্ত হওয়ার গুজবে নিজেই জল ঢেলে দিয়েছেন সর্বকালের সেরা কিউই অধিনায়ক! সদ্যসমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের সহকারী কোচ থাকলেও এখনই জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি নারাজ। গতকাল নিউজিল্যান্ডের লাইভ স্পোর্ট রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি, ‘সময়টা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ঠিক অনুকূল ঠেকছে না আমার কাছে। আমার সংসারটা বেশিদিনের নয়। পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারিনি আমি, এখন ওদের সময় দিতে চাই। নিউজিল্যান্ড দলকে আমার অবশ্যই অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু এখনই নয়।’ আইপিএলে নিজের সময়টাকে উপভোগই করেছেন ফ্লেমিং, ‘গত দুই মাস আমি আইপিএলে ভালোই সময় কাটিয়েছি। কিন্তু জাতীয় দলের হয়ে কাজ করতে হলে আপনাকে একটা লম্বা সময় ধারাবাহিকভাবে কাজ করতে হবে।’ ভবিষ্যতে কোচ হওয়ার সম্ভাবনাকে অবশ্য খারিজ করে দেননি ১০ বছর ধরে নিউজিল্যান্ডের অধিনায়ক থাকা ফ্লেমিং, ‘খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালোই, ওদের সঙ্গ আমি পছন্দ করি। কিন্তু আমি জানি না, কাজটা আমার জন্য জুতসই কি না, হয়তো একদিন আমাকে দেখতে পাবেন (কোচ হিসেবে)। কিন্তু খুব তাড়াতাড়ি? না বোধ হয়।’ ওয়েবসাইট।