শিগগিরই ঝলসাবে স্টেইন-গান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন ভরানোর মতো অনেক কিছুই হচ্ছে বিশ্বকাপে। দেদার রান, দুর্দান্ত বোলিংও, কিন্তু ঝলসে উঠছে না ‘স্টেইন-গান’। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫ উইকেট—ডেল স্টেইনের নামের পাশে বেমানান। তবে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আশাবাদী, শিগগিরই দেখা যাবে পুরোনো স্টেইনকে। 
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের নেতৃত্ব দেওয়ার কথা স্টেইনের। অথচ ইমরান তাহির, মরনে মরকেল, কাইল অ্যাবট প্রত্যেকেই ছাপিয়ে গেছেন তাঁকে উইকেটসংখ্যায়। তাহির ও মরকেল নিয়েছেন ৯ উইকেট করে, অ্যাবট দুই ম্যাচেই ছয়টি। স্টেইনের উইকেট ৫টি। নিজেকে হারিয়ে খুঁজছেন কেন তিনি? ৩১ বছর বয়সী ফাস্ট বোলার এ নিয়ে ভাবছেনই না, ‘আমার মনে হয় না খুব একটা খারাপ বল করেছি। আমার মনে হয় জিম্বাবুয়ের সঙ্গেই আমি একটু জোরে বল করতে চেয়েছিলাম। গতি দিয়েই ওদের ভড়কে দিতে চেয়েছিলাম। যেটা করা উচিত ছিল সেটা করতে পারিনি। এরপর অবশ্য আমি ধীরে ধীরে ভালোই করেছি।’ ওই ম্যাচে ৬৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন স্টেইন।
নিজের সেরা ফর্মে নেই সেটা মেনেও সতীর্থদের কৃতিত্ব দিলেন, ‘যেমনটা চেয়েছিলাম সেই পরিমাণ উইকেট আমি নিতে পারিনি। বিশ্বকাপ এ রকমই, চাইলেই এখানে সবকিছু পাবেন না। তবে উইকেট তো মাত্র ১০টি, যখন ইমরান ৫টি নেবে, অ্যাবট নেবে ৪টি, অন্যদের খুব বেশি কিছু করার থাকে না।’ শিগগিরই সেরা স্টেইনকে দেখা যাবে বলেই তাঁর আশা, ‘দলের জন্য যেটা দরকার সেটা করতে পারলেই হলো। আমি অখুশি নই। ফাইনাল পর্যন্ত যেতে পারলে আমি নিশ্চয়ই কিছু একটা করার সুযোগ পাব।’
তত দূর দক্ষিণ আফ্রিকা যাবে তো? এএফপি।