শিবার নির্বাচনে তোলপাড়

দুই বছর আগে পরিচালিত ফিকার (ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) একটি জরিপ দেখিয়েছিল, আইসিসির নানা সিদ্ধান্ত গ্রহণে অন্যায় প্রভাব বিস্তার করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক ক্রিকেটারদের সর্বোচ্চ সংস্থাটিও এবার ভালোভাবে টের পেল বিসিসিআইয়ের ক্ষমতার দাপট। ফিকার প্রধান নির্বাহী টিম মের জায়গায় আইসিসি ক্রিকেট কমিটিতে নির্বাচিত হয়েছেন সাবেক ভারতীয় লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ক্রিকেট বিশ্বজুড়ে জোর গুঞ্জন, বিসিসিআইয়ের হস্তক্ষেপেই এই পরিবর্তন।ক্রিকেটের আইন পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হয় এই ক্রিকেট কমিটির সুপারিশেই। বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কুমার সাঙ্গাকারার সঙ্গে কমিটিতে ছিলেন মে। ১০ টেস্ট অধিনায়কের ভোটে সাঙ্গাকারা পুনর্নির্বাচিত হলেও মের জায়গায় এসেছেন শিবরামকৃষ্ণান। সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে শিবরামকৃষ্ণানের নির্বাচিত হওয়ার খবর জানিয়েছে আইসিসি। কিন্তু ভোটসংখ্যা বা এ সংক্রান্ত আর কিছু বলেনি। তবে ক্রিকইনফো জানতে পেরেছে, শিবরামকৃষ্ণান পেয়েছেন ছয় ভোট, মে চারটি।ওই ছয় ভোট নিয়েও ক্রিকেট বিশ্বে সংশয়, সন্দেহ। ক্রিকেট প্রশাসনের কোনো পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা নেই, ক্রিকেটের কোনো সমস্যা বা বিষয় নিয়ে কখনো উচ্চকিতও হননি। অনেকেরই প্রশ্ন, হঠাৎ শিবরামকৃষ্ণানের এমন গ্রহণযোগ্যতা কীভাবে তৈরি হলো? ক্রিকইনফো জানাচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড অধিনায়কের ভোট পেয়েছেন মে। অনেক সংবাদমাধ্যমের দাবি, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ের মতো দেশগুলোর বোর্ডকে চাপ দিয়েছে বিসিসিআই। আর বোর্ডগুলো তাদের অধিনায়ককে বাধ্য করেছে শিবাকে ভোট দিতে। ৯ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা লেগ স্পিনার এখন বিসিসিআইয়ের বেতনভোগী ধারাভাষ্যকার।অভিযোগকারীদের হাতে পরিষ্কার প্রমাণ অবশ্য নেই, তবে ইঙ্গিত আছে অনেক। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রতিনিধি ও ফিকার বোর্ড সদস্য টনি আইরিশ জানাচ্ছেন, গ্রায়েম স্মিথকে ভোট দিতে হয়েছে তিনবার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তিনবারই মেকে ভোট দিয়েছেন, কিন্তু বারবার ভোট দিতে হওয়ায় বিস্মিত তিনি। আইরিশের দাবি, প্রথম দুবারই মে নির্বাচিত হওয়ায় নতুন করে ভোট নেওয়া হয়েছে আর বিসিসিআই এই ফাঁকে বিভিন্ন বোর্ডকে চাপ দিয়েছে।
আইসিসি যে ই-মেলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, তাতে কুমার সাঙ্গাকারার নাম লেখা আছে হেলভেটিকা ফন্টে, ১৩ পয়েন্টে। আর শিবরামকৃষ্ণানের নাম লেখা জর্জিয়া ফন্টে, ১৬ পয়েন্টে। অনেকের সন্দেহ, শেষ মুহূর্তে নাম বদলের তাড়াহুড়োতেই এই বৈসাদৃশ্য। ভোটপ্রক্রিয়া নিয়ে সংবাদ সংস্থা এপির প্রশ্নে আইসিসির মুখপাত্রের জবাব, ‘১০ অধিনায়কের ভোটে সাঙ্গাকারা ও শিবরামকৃষ্ণান নির্বাচিত হয়েছেন। আইসিসির আর কিছুই বলার নেই।’
টিম মের ওপর বেশ আগে থেকেই নাখোশ বিসিসিআই। ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থে বরাবরই উচ্চকণ্ঠ মে। আপসহীন একটা ভাবমূর্তিও আছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রেই আইসিসির কাছে তদন্তের দাবি জানিয়েছেন ফিকার আইন পরামর্শক ইয়ান স্মিথ, ‘ভোট পরিবর্তনের জন্য পাঁচটি দেশ তাদের অধিনায়ককে চাপ দিয়েছে বলে যে খবর বেরিয়েছে সংবাদমাধ্যমে, সেই পরিপ্রেক্ষিতে ফিকার দাবি সতর্ক ও স্বাধীন তদন্ত। বিশেষ করে, আইসিসি যখন সব বোর্ডকে বলে দিয়েছিল অধিনায়কদের চাপ না দিতে।’ ওয়েবসাইট।