শিরোপা জিততে ওয়েস্ট ইন্ডিজের চাই ১৫৬ রান

দ্বিতীয় বলেই জেসন রয় আউট হয়ে যাওয়ার পর ক্রিজে এলেন। তাঁর চোখের সামনেই দ্বিতীয় ওভারে অ্যালেক্স হেলস গেলেন, পঞ্চম ওভারে এউইন মরগান। ২৩ রানে ৩ উইকেট নেই! এমন অবস্থায় অন্য কেউ হলে হয়তো নিজেকে গুটিয়ে নিতেন। আর যাতে উইকেট না যায় সে জন্য আক্রমণের চিন্তা বাদ দিয়ে হাঁটতেন দেখেশুনে খেলার পথে।
কিন্তু তিনি যে জো রুট! গুটিয়ে না গিয়ে পাল্টা আক্রমণ চালালেন। সেই আক্রমণে কিছুক্ষণের জন্য দিশাও হারালেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা। শেষ পর্যন্ত ১৫তম ওভারে গিয়ে রুট যখন আউট হলেন, নামের পাশে ৩৬ বলে ৫৪ রান। রুটের এই ঝোড়ো ইনিংসে ভর করেই আজ কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য দিতে পারল ইংল্যান্ড।
এর আগে টুর্নামেন্টে টানা ৬ষ্ঠ বারের মতো টস জিতে ৬ষ্ঠ বারের মতো ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতেই যেন শুরুতেই বল হাতে জ্বলে ওঠেন স্যামুয়েল বদ্রি। ইংল্যান্ডকে আজ সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান এই লেগ স্পিনারই। শুরুর ৩ উইকেটের মধ্যে রয় ও মরগান তাঁর শিকার। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
তবে ৩ উইকেট চলে যাওয়ার পর জশ বাটলারকে নিয়ে ৬১ রানের দারুণ একটা জুটি গড়েছিলেন রুট। ওই রানও এসেছে মাত্র ৬.৪ ওভারে। কিন্তু ২২ বলে ৩৬ রান করে কার্লোস ব্রাফেটের বলে ডোয়াইন ব্রাভোকে ক্যাচ দিয়ে বাটলারের ফেরার পর রুটকে আর সঙ্গ দিতে পারেননি কেউ। ওপাশ থেকে পর পর বেন স্টোকস ও মঈন আলীকে আউট হয়ে যেতে দেখেই যেন ধৈর্য হারালেন রুট। শর্ট ফাইন লেগে সুলেমান বেনের হাতে ক্যাচ দিলেন ব্রাফেটের বলে। শেষদিকে ডেভিড উইলির ১৪ বলে ২১ রানের ঝড়ে ইংল্যান্ডের স্কোরটা দেড় শ পার হয়। উইলিকেও জনসন চার্লসের ক্যাচ বানিয়ে আউট করেছেন ব্রাফেট। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ব্রাফেটই। ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন ব্রাভোও।
এই টুর্নামেন্টে ইডেন গার্ডেনে এর আগে রাতে হওয়া দুটি ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দলটি। সেই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিততে পারবে ওয়েস্ট ইন্ডিজ?