শিরোপা হাতে নিতে প্রস্তুত স্মিথরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞতা পুরোনো। একটার পর একটা ওয়ানডে বিশ্বকাপ জিতে সাফল্যের শীর্ষে ওঠা অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়নস ট্রফি এলে খুঁজেই পাওয়া যেত না। পঞ্চমবারের চেষ্টায় চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপও যেন আরেকটি ‘চ্যাম্পিয়নস ট্রফি’ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার জন্য। ছোট সংস্করণের পাঁচটি বিশ্বকাপ খেলে প্রতিবারই তারা ফিরেছে খালি হাতে।
স্টিভেন স্মিথ এবার সে ধারা পাল্টাতে চান। প্রথম অস্ট্রেলিয়ান দল হিসেবে জিততে চান টি-টোয়েন্টি বিশ্বকাপ, ‘এটাই একমাত্র টুর্নামেন্ট, যেখানে আমরা বারবার ব্যর্থ হয়েছি। আমরা সব টুর্নামেন্টই জেতার জন্য খেলি। এবার আমরা প্রস্তুত, আমাদের ১৫ জন খেলোয়াড় আছে যারা এই টুর্নামেন্টকে কাঁপিয়ে দিতে পারে।’
সেই আত্মবিশ্বাস সঞ্চয় করেই এসেছেন স্মিথরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্রই জিতে এসেছেন টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ফলটাই সাহসী করে তুলেছে অস্ট্রেলিয়াকে, ‘আমাদের ভালো একটি দল আছে। আমাদের কাছে সবার প্রত্যাশা কী সেটাও জানি। আমাদের ইতিবাচক থাকতে হবে, মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে হবে। আমরা যদি সেটি করতে পারি, তাহলেই আমরা জিততে পারব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার পথে স্মিথ ভরসা রাখছেন দুটি বিষয়ের ওপর—দলে থাকা একগাদা অলরাউন্ডার ও আইপিএলে খেলার অভিজ্ঞতা, ‘আমাদের অলরাউন্ডাররা সবাই খুব ভালো বোলিং করছে, ব্যাট হাতেও তারা খুব শক্তিশালী। টি-টোয়েন্টিতে আপনার দরকার এটাই। আর দলের অনেকেরই আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে, সবাই জানি এখানে কন্ডিশন কেমন। আমরা প্রস্তুত।’
দেখা যাক, আসলেই দেখা মেলে কি না অস্ট্রেলিয়া-বিস্ফোরণের! জি নিউজ।