শিরোপাই লক্ষ্য বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর পর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ হকিতে খেলার স্বপ্ন দেখে বাংলাদেশ। সেই হিসেবে দেশের মাটিতে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তো হতেই হয়! সেই লক্ষ্য নিয়েই আজ ঢাকায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু এই প্রতিযোগিতায় নামছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় খেলছে চীনা তাইপে, ওমান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
এএইচএফ কাপের সেরা দুই দল সুযোগ পাবে আগামী বছরে মালয়েশিয়ায় জুনিয়র এশিয়া কাপে। ওই প্রতিযোগিতার সেরা চার দল খেলবে ২০১৬ যুব বিশ্বকাপে।
বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল চীনা তাইপের সঙ্গে। ২ ডিসেম্বর থাইল্যান্ড, ৪ ডিসেম্বর ওমান ও ৬ ডিসেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলা। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক।
এএইচএফ কাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল সম্প্রতি সাতটি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে ভারতে। ২০ সদস্যের দলের ৮ জনই জাতীয় দলের খেলোয়াড়। কোচ মামুনুর রশীদ তাই শিরোপা ছাড়া অন্য কিছুই ভাবছেন না। কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘এই টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। চ্যাম্পিয়ন হয়েই আমরা পরের রাউন্ডে যেতে চাই।’ গত এশিয়ান গেমসে ওমানের কাছে হারা জাতীয় দলের সদস্য সারোয়ার হোসেন অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক। দেশের মাটিতে ওমান যুবদলকে হারাতে উন্মুখ তিনি, ‘ওমানের কাছে এশিয়ান গেমসে হারলেও এবার আশা করি ওমান যুবদলকে হারাতে পারব।’