শিরোপাও এখন অসম্ভব স্বপ্ন নয়
হঠাৎ করেই হকি অঙ্গনের সবাই স্বপ্নের রাজ্যে ঘোরাঘুরি করছেন। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্ন কেউ দেখার সাহস পাননি তিন দিন আগেও। কিন্তু শনিবার আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতের অনূর্ধ্ব-১৮ দলকে ৫-৪ গোলে হারিয়ে দেওয়ার পর থেকে তা আর অবাস্তব কোনো কল্পনা নয়।
কাওসার আলীর মতো বাস্তববাদী কোচও সেই স্বপ্নে আচ্ছন্ন, ‘শুরুতে এই টুর্নামেন্টের সেমিফাইনালে আমাদের চোখ ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। ছেলেরা ভারতকে হারিয়ে বড় এক উপহার দিয়েছে। চ্যাম্পিয়ন হতে পারলে সেটাই হবে আরও বড় উপহার।’ তাঁর এই আশার ভিত্তি, বয়সভিত্তিক হকিতে বাংলাদেশের সাফল্য এবং এই টুর্নামেন্টের ফরম্যাট।
২০১১ সালে সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া আসেনি এবার। জাপান নাম প্রত্যাহার করে নিয়েছে গুলশান হত্যাকাণ্ডকে কারণ দেখিয়ে। তবে ভারত ও পাকিস্তান এসেছে। সাত জাতির টুর্নামেন্টে উপমহাদেশের দুই পরাশক্তির সঙ্গে বাংলাদেশও এখন ফেবারিট।
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না, সেটি সময়ই বলবে। তবে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপে রানার্সআপ হওয়ার সাফল্য যখন আছে, আর এক ধাপ এগোনো এমন অসম্ভব কিছু নয়। একটু পেছনে তাকালে দেখা যায়, ২০০৪ সালে ভারতের অনূর্ধ্ব-২১ দলকে ঢাকায় আমন্ত্রণমূলক চ্যালেঞ্জ কাপের ফাইনালে টাইব্রেকারে হারিয়েছিলেন আজকের প্রতিষ্ঠিত তারকা জিমি-জাহিদরা। ২০০৫ সালে ভারতের ১ হাজার ২০০ স্কুল দলের সেরা ১২টিকে নিয়ে আয়োজিত নেহরু কাপে আমন্ত্রিত হয়ে বিকেএসপির ট্রফি নিয়ে ফেরার স্মৃতিও প্রেরণা হিসেবে কাজ করছে।
বিকেএসপির প্রধান হকি কোচ ও এই বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের কোচ কাওসার আলীর আশার জায়গাটা ঠিক এখানেই, ‘বয়সভিত্তিক পর্যায়ে আমরা সব সময়ই ভালো করে এসেছি। এখানেও করব। কারণ এই পর্যায়ে আমাদের ভিত্তিটা শক্তই।’
সেই ভিত্তি গড়েছে আসলে বিকেএসপির প্রাতিষ্ঠানিক শিক্ষা। বাংলাদেশের এই যুব দলের প্রায় সব খেলোয়াড়ই বিকেএসপির বর্তমান ও সাবেক খেলোয়াড়। তাঁরা একসঙ্গে বেড়ে উঠেছেন। কিন্তু হকির বড় সমস্যা হলো, বিকেএসপি থেকে বেরিয়েই অনেকে হারিয়ে যান। ফেডারেশনের সাংগঠনিক ব্যর্থতা আর ক্লাব রাজনীতির জেরে ঢাকায় লিগ-টুর্নামেন্ট সবই অনিয়মিত। হকির সূতিকাগার ফরিদপুর বা রাজশাহীর মতো জেলাগুলোতেও খেলাটার চর্চা প্রায় বন্ধ। তাই খেলোয়াড় উঠে আসছে না সেভাবে। জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে হাবুডুবু খাচ্ছে।
এ দুরবস্থার কারণ, দেশে হকির কোনো কাঠামো গড়ে ওঠেনি। এক বিকেএসপির ওপরই সবার ভরসা। বিকেএসপি যা খেলোয়াড় ‘উৎপন্ন’ করবে, এর বাইরে আর কিছু নেই। কাওসার আলী যথার্থই বলছেন, ‘সারা দেশে যদি একটি মেডিকেল দোকান থাকে (বিকেএসপি), তাহলে দোকানদার হয়তো লাভবান হবেন। কিন্তু রোগী তো মারা যাবে। সারা দেশে মেডিকেল সেন্টার দরকার। সেটা হচ্ছে না।’
কোনো কিছুর ধারাবাহিতা না থাকাও দুরবস্থার বড় কারণ। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ নিয়মিত খেলে না। ফেডারেশন ইচ্ছে হলে কখনো দল পাঠায়, কখনো বা পাঠায় না। এটিও কাওসার আলীর চোখে বড় সমস্যা, ‘আমরা ধারাবাহিকভাবে বাইরে খেলতে যাই না। এটা আমাদের পেছনে টেনে ধরে।’
জাতীয় পর্যায়ে দলগুলোর ধারাবাহিক প্রস্তুতিতেও সমস্যা। টুর্নামেন্ট নাকের ডগায় এলে ‘উঠ ছুঁড়ি তোর বিয়ে’ বলে অনুশীলন শুরু হয়। এত সমস্যার মধ্যেও তারুণ্যের শক্তি আশা জোগায় বাংলাদেশকে। কদিন আগে যেমন অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলাররা নিজেদের নিয়ে গেছে এশিয়ার সেরা আটে। সেই কীর্তিও উজ্জীবিত করছে বাংলাদেশ যুব হকি দলকে। বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যের প্রেরণা তো আছেই।
বয়সভিত্তিক হকিতেসেরা সাফল্য
রানার্সআপ : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ
(২০০১, মালয়েশিয়া)
রানার্সআপ : অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ
(২০০১ সিঙ্গাপুর,
২০০৩ বাংলাদেশ)
আজকের খেলা: চীনা তাইপে-চীন, পাকিস্তান-হংকং, বাংলাদেশ-ওমান, (বেলা ১১, ১ ও ৩টা, মওলানা ভাসানী স্টেডিয়াম)