শিরোপার সামনে মামাত

নিজেদের কোর্সে অন্য দেশের প্রতিযোগীর ভালো শটে করতালি দেওয়ার বেলায় অকৃপণ দেখা গেল দর্শকদের। মারদান মামাত তৃতীয় রাউন্ডের শেষ শটটি বার্ডি করতেই কুর্মিটোলা গলফ কোর্সের লবিতে বসা দর্শকেরা অনেকক্ষণ হাততালি দিলেন। বল তুলে ধরে দর্শকদের জবাব দিলেন সিঙ্গাপুরের ৪৭ বছর বয়সী গলফার। তৃতীয় রাউন্ড শেষে ১২ আন্ডার পার—শিরোপাটিকে চোখে দেখতে শুরু করেছেন। আজ শুধু ধারাবাহিকতাটা ধরে রাখতে পারলেই বাংলাদেশের প্রথম এশিয়ান ট্যুরের বিজয়ী মামাত। সর্বশেষ এশিয়ান ট্যুর জিতেছেন তিনি গত নভেম্বরে, ম্যানিলা মাস্টার্সে।
এই দর্শকেরা বসুন্ধরা বাংলাদেশ ওপেন শুরুর আগে মামাতের জায়গায় বসিয়েছিলেন সিদ্দিকুরকে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রধান গলফারকে একপর্যায়ে পেয়ে বসেছিল কাট মিস করার আশঙ্কা। সেটি এড়াতে পেরেছেন বটে, তবে শিরোপা জয়ের আশাটা সিদ্দিকুরকে ছেড়ে দিতে হলো তৃতীয় রাউন্ডেই, ‘এই টুর্নামেন্ট নিয়ে নিজের অনেক প্রত্যাশা ছিল। আত্মবিশ্বাসও ছিল। দুর্ভাগ্যক্রমে কিছুই হলো না।’ দ্বিতীয় রাউন্ডে ২টা বার্ডি করেছিলেন। প্রথম রাউন্ডে ৪টি। কাল তৃতীয় দিনে এতই বাজে খেলেছেন যে একটি বার্ডিও পাননি, উল্টো করেছেন ৪টি বগি। তৃতীয় রাউন্ড শেষে তাই ৬ ওভার পারে যৌথভাবে ৬৪তম সিদ্দিকুর, যেখানে তাঁর সঙ্গী স্বদেশি সজীব আলী।
দ্বিতীয় দিনে বাংলাদেশের আশার আলোটা জ্বেলেছিলেন দুলাল হোসেন। পরশু এক দিনে ৮ আন্ডার পার খেলে বসেছিলেন নায়কের আসনে। সেই দুলালও কিনা কাল পারের চেয়ে এক শট বেশি খেললেন। তিন রাউন্ড মিলিয়ে যদিও ৫ আন্ডার পারে যৌথভাবে তিনি সপ্তম স্থানে। তৃতীয় দিনে দুলালের শুরুটাই হয়েছিল বাজে। ৩ নম্বর হোলে ডাবল বগি করেন, ১৫ নম্বর হোলে আবারও তাঁর ডাবল বগি, ৫টা বার্ডি করতে পারলেন বলেই দিন শেষে স্কোরটা খারাপ নয়। কিন্তু শিরোপা দৌড়ে টিকে থাকার জন্য খুব ভালো কিছু তো হয়নি। খারাপ পারফরম্যান্স করে গণমাধ্যমের সামনেই আসেননি দুলাল। আরেক দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলাতেই যে কালকের ‘বিপর্যয়’!
এই টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকতার প্রতিমূর্তি মামাত কালও ৬টি বার্ডিসহ ৩ আন্ডার পার খেলেছেন। ৪টি এশিয়ান ট্যুরজয়ী সিঙ্গাপুরের গলফার এর আগে তিনটি এশিয়ান ট্যুরই জিতেছেন প্রথম দিন থেকেই লিড নিয়ে। এবারও সেই লক্ষণ দেখছেন, কাল তীব্র গরমও তাঁর ধারাবাহিকতা ছিন্ন করতে পারেনি, ‘প্রচণ্ড গরম ছিল। কিন্তু এটি কীভাবে সামলাতে হয় সেটা আমি জানি। ট্রফি থেকে বেশি দূরে নেই। শুধু আর একটা দিন এমন খেলতে হবে। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’
চেনা কোর্স। এই কোর্সেই বিপিজিএ টুর্নামেন্টে সব সময় দুর্দান্ত করেন সিদ্দিকুর, সজীবরা। অথচ বসুন্ধরা ওপেনে আন্ডার পার স্কোর করাটা যেন দুঃসাধ্য কাজ হয়ে উঠেছে। বড় টুর্নামেন্টের চাপ এবং হঠাৎ করে বদলে যাওয়া কন্ডিশনকেই দুষছেন সিদ্দিকুর।
বাংলাদেশিদের মধ্যে তৃতীয় রাউন্ড শেষে নূর জামাল ৫৪তম। পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন তিনি। পারের সমান খেলে যৌথভাবে ২৫তম আছেন সাখাওয়াত হোসেন।