
প্রতিবছর বাসবোঝাই করে ফরিদপুর থেকে ঢাকায় খেলা দেখতে আসে এক দল অত্যুৎসাহী সমর্থক। কিন্তু জাতীয় হকির গত দুটি ফাইনালে হতাশ হয়েই ফিরতে হয়েছিল ওই সমর্থকদের। এবার তাই মাত্র একটি মাইক্রোবাসে গুটি কয়েক সমর্থক এল ঢাকায়। কিন্তু এবার আর হতাশা নয়। জাতীয় হকির ফাইনালে কাল নৌবাহিনীকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ফরিদপুর। সাত বছর পর আবারও নিজেদের ঘরে নিয়ে গেল শিরোপা। ফরিদপুর সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে।
একসময় হকির উর্বর ভূমি বলা হতো ফরিদপুরকে। সেই ফরিদপুরই যেন এখন হকির ক্ষয়িষ্ণু শক্তির নাম। এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপের ১৮ সদস্যের দলের নয়জনই অন্য জেলার!
সে যা-ই হোক, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নীল টার্ফ বসানোর পর এটাই ছিল বড় কোনো প্রতিযোগিতা। টার্ফের রং বদলেছে। খেলা হয়েছে চার কোয়ার্টারে। তবে নীল টার্ফে হলুদ বলে খেলার নিয়ম থাকলেও ফেডারেশন ব্যবহার করল কিনা সাদা বল!
জিমি, চয়ন, কৌশিক, রানা, তাপস, সারোয়ার, কৃষ্ণদের নিয়ে গড়া নৌবাহিনী এক অর্থে জাতীয় দলেরই মোড়কে আরেকটি দল। সেই দলকেই কিনা হারিয়ে দিল মুসা মিয়াদের ফরিদপুর। প্রথম কোয়ার্টারে অবশ্য নৌবাহিনীই আধিপত্য থাকল। কিন্তু সময়ের সঙ্গে খেলা ধরেছে ফরিদপুর। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রশান্তের গোলে তারা এগিয়েও যায়। দুই মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে কৌশিক করলেন ১-১। ৬ ম্যাচে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও নিলেন এই তরুণ। ৪৬ মিনিটে নিলয়ের সাজিয়ে দেওয়া বল পুষ্কর খীসা মিমোর স্টিকের ছোঁয়ায় জয়সূচক গোল ফরিদপুরের।
ক্লাব, জাতীয় দলের পর নিজ জেলার দায়িত্বেও সফল কোচ মাহবুব হারুন। কাল ফাইনাল শেষ হতেই তাঁকে কাঁধে তুলে খেলোয়াড়দের আনন্দনৃত্য নজর কাড়ল আলাদাভাবেই। ফরিদপুরকে আবারও চ্যাম্পিয়ন করতে পেরে উচ্ছ্বসিত হারুন, ‘ফরিদপুরকে শিরোপা উপহার দিতে পেরে খুব ভালো লাগছে। আসলে ২০০৭-এর পর থেকে প্রতিবারই ফাইনালে উঠেছি। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি। এ জন্যই এবার একটু বেশি আনন্দিত।’
নিজে ফরিদপুরের সন্তান। সেই ফরিদপুরেই আগের মতো কেউ হকিতে আগ্রহ খুঁজে পাচ্ছে না বলে হতাশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘এখন সেভাবে কেউই হকি খেলছে না ফরিদপুরে। ঢাকায় এসে খেলার আগ্রহই পায় না অনেকে। অথচ আমরা পড়াশোনাও করেছি, পাশাপাশি খেলতে খেলতেই হকি খেলোয়াড় হয়ে গেছি।’
ব্যক্তিগত সেরার পুরস্কার মাত্র ১০ হাজার টাকা—এ নিয়ে হকিপাড়ায় বেশ সমালোচনা শোনা গেল। শেষ পর্যন্ত আরও পাঁচ হাজার করে টাকা তুলে দেওয়া হয়েছে সর্বোচ্চ গোলদাতা কৌশিক ও সেরা খেলোয়াড় মিমোর হাতে।
রোল অব অনার (সর্বশেষ ১০ আসর)
চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৯৭ ঢাকা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৯৮ ঢাকা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৯৯ ঢাকা জেলা সেনাবাহিনী
২০০২ ঢাকা জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়
২০০৩ সেনাবাহিনী ফরিদপুর জেলা
২০০৫ সেনাবাহিনী ঢাকা জেলা
২০০৭ ফরিদপুর জেলা ঢাকা জেলা
২০১২ সেনাবাহিনী ফরিদপুর জেলা
২০১৩ সেনাবাহিনী ফরিদপুর জেলা
২০১৪–১৫ ফরিদপুর জেলা নৌবাহিনী