শিরোপা অধরাই রইল শারাপোভার
মায়ামি ওপেন মারিয়া শারাপোভাকে আক্ষেপে পোড়াল আরেকবার। এর আগে এই প্রতিযোগিতায় তিনবার ফাইনালে উঠেছিলেন এই গ্ল্যামার গার্ল। তিনবারই মায়ামি ওপেন খালি হাতে ফিরিয়েছে তাঁকে। ২০০৫, ২০০৬ ও ২০১১ সালের পর এবারের মায়ামি ওপেনের ফাইনালেও শিরোপাটা হাত দিয়ে ছুঁয়ে দেখা হলো না শারাপোভার। সাধের শিরোপা অধরাই রইল।গতকাল শনিবার শারাপোভাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো মায়ামি সনি এরিকসন ওপেন জিতেছেন পোল্যান্ডের আগ্নেওয়াস্কা রাদওয়ানস্কা।গত বৃহস্পতিবার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ক্যারেলিন ওজনিয়াকিকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন শারাপোভা। রাশিয়ার এই টেনিস তারকা ওই ম্যাচে লড়েন দুই ঘণ্টা ৩৪ মিনিট। অথচ শিরোপা-নির্ধারণী লড়াইয়ে মাত্র ৭২ মিনিটেই রাদওয়ানস্কার কাছে হার মানেন শারাপোভা। ম্যাচ শেষে রাদওয়ানস্কার প্রতিক্রিয়া, ‘আগে আমি বেশ কয়েকবার শারাপোভার কাছে হেরেছি। আজকের ম্যাচে দারুণ লড়াই হয়েছে। প্রতি সেটে আমি কয়েকটা পয়েন্ট বেশি পেয়েছি, এই যা।’রাদওয়ানস্কাকেই অবশ্য পুরো কৃতিত্ব দিয়েছেন শারাপোভা, ‘আমি মনে করি, রাদওয়ানস্কা এই ম্যাচে দারুণ খেলেছে। আমিই বেশ কিছু ভুল করেছি।’ রয়টার্স।