শিরোপা আবার খুলনার
চার বছর পর জাতীয় লিগে শ্রেষ্ঠত্বের মুকুট পরল খুলনা। এই বিজয় দলটির কাছে আরও বিশেষ হয়ে উঠতে পারে এ জন্যই যে রাজশাহীর আধিপত্য খর্ব করল তারা। গত চারবারের চ্যাম্পিয়ন রাজশাহীকে কাল হারিয়েই চ্যাম্পিয়ন হলো খুলনা। বগুড়ায় অবিশ্বাস্য এক ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। তিন দিনের মধ্যেই ৩৩ রানে জিতেছে খুলনা, জাতীয় লিগে এটি তাদের তৃতীয় শিরোপা। ৭ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানের দল ঢাকা বিভাগের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে দলটি। রাজশাহীতে অবিশ্বাস্য কিছু না ঘটলে বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিততে যাচ্ছে ঢাকা। এই ম্যাচ থেকে সর্বোচ্চ ৮ পয়েন্ট পাওয়া সম্ভব ৬ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া দলটির। তবে কালই নিশ্চিত হয়ে গেছে রানার্সআপ হচ্ছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে রাজশাহীর সামনে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। বিনা উইকেটে ১০২ রান তুলে ফেলার পরই রাজশাহীর বিপর্যয় শুরু। ১০২ থেকে ১০৯ এই ৭ রানের মধ্যেই পড়েছে ৬ উইকেট। খুলনার রবিউল ও নিজামউদ্দিন নিয়েছেন ৪টি করে উইকেট। খুলনার এই জয়ের মধ্যে অস্বাভাবিকতার গন্ধ পাচ্ছে ঢাকা বিভাগ। দলটির ম্যানেজার আলী হোসেন অভিযোগ করেছেন, ‘আমাদের শিরোপা বঞ্চিত করতেই রাজশাহী ও খুলনা পাতানো ম্যাচ খেলেছে। বিসিবি সভাপতিকে এই ম্যাচ নিয়ে তদন্তের অনুরোধ জানাচ্ছি।’ ঢাকায় ফিরেই লিখিত অভিযোগ করবেন বলেও জানিয়েছেন আলী হোসেন। বরিশালের বিপক্ষে ঢাকা ৪৭৪ রান করে রকিবুল হাসানের ১৬০ ও শরীফের ৫৪ রানে। রংপুরে জয়ের সুবাস পাচ্ছে ঢাকা মহানগরও। ফলোঅনে পড়া সিলেট দ্বিতীয় ইনিংসেও হারিয়ে ফেলেছে ৮ উইকেট, করেছে ২৩৫ রান। এখনো মহানগরের প্রথম ইনিংসের চেয়ে ৪৫ রানে পিছিয়ে দলটি। সিলেটে ৯ উইকেটে ৪৮৭ রান করেছে রংপুর। প্রথম শ্রেণীর ক্রিকেট প্রথম সেঞ্চুরি পেয়েছেন রংপুরের তানভীর হায়দার। ১৪৬ রানে ৬ উইকেট পেয়েছেন লেগ স্পিনার নূর হোসেন, যা তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং। সং ক্ষি প্ত স্কো রখুলনা-রাজশাহী, বগুড়াখুলনা: ২২৮ ও ৩৯ ওভারে ১৮০ (ইমরুল ৫৯, সৌম্য ৩৮; ফরহাদ রেজা ৪/৭০, তাইজুল ৩/১৯, দেলোয়ার ৩/৩৬)। রাজশাহী: ২২২ ও ৪১.৪ ওভারে ১৫৩ (মাইশুকুর ৪৭, ফরহাদ হোসেন ৫২; নিজামউদ্দিন ৪/২৪, রবিউল ৪/৩৫)। ফল: খুলনা ৩৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: রবিউল ইসলাম (খুলনা)। ঢাকা বিভাগ-বরিশাল, রাজশাহীবরিশাল: ২৫৬ ও ২১ ওভারে ৫৫/৬ (ইফতেখার ১২; শাহাদাত ৩/২৪, মোশাররফ ২/৯)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ১৩৬.১ ওভারে ৪৭৪ (রকিবুল ১৬০, রনি ৮৫, শুভাগত ৭১, শরীফ ৫৪, মজিদ ৩৬; মনির ৪/১২৮, কামরুল ৩/৬৫, সালমান ২/১৮)।চট্টগ্রাম-রংপুর, সিলেটচট্টগ্রাম ১ম ইনিংস: ৩৫০। রংপুর ১ম ইনিংস: ১৩৯ ওভারে ৪৮৭/৯ (লিটন ১৫৭, তানভীর ১০৭, তারিক ৪৫, আরিফুল ব্যাটিং ৪৩, আলাউদ্দিন ৪০; নূর হোসেন ৬/১৪৬)। সিলেট-ঢাকা মহানগর, রংপুরঢাকা মহানগর ১ম ইনিংস: ৩৪৫। সিলেট: ১৫৫ ও ৬৫ ওভারে ২৩৫/৮ (রুম্মন ৮২, মাবুদ ৭৬, তাপস বৈশ্য ৩১; শরীফউল্লাহ ৩/৪৭, মার্শাল ২/৪০, আশরাফুল ২/৫০)।