শিরোপা কি হাতছাড়া হয়ে গেল বার্সার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃসময়ের আঁচ ঠিকই টের পাচ্ছেন মেসি! ছবি: রয়টার্স
দুঃসময়ের আঁচ ঠিকই টের পাচ্ছেন মেসি! ছবি: রয়টার্স

যতটা সহজ, ততটাই কঠিন! লা লিগার নিন্দুকেরা বলেন, স্প্যানিশ লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। দুই ঘোড়ার রেস, বড়জোর তিন ঘোড়ার। বাকি দলগুলোর বিপক্ষে ফেবারিটরা জয় পায় অনায়াসেই। কথাটা হয়তো সত্য। কিন্তু এও তো সত্য, সেই ‘অনায়াস জয়ে’র এক-দুটো হাতছাড়া হলেই পড়ে যেতে হয় শঙ্কায়। গতকাল রিয়াল ভ্যালাদোলিদের কাছে অঘটনের শিকার হওয়ার পর এমন কথা বলাবলি হচ্ছে, বার্সেলোনা শিরোপার দৌড় থেকেই ছিটকে পড়ল কিনা!

বার্সার পরাজয়ের সুযোগ কাজে লাগিয়ে, ডেভিড ভিয়ার জোড়া গোলে সেল্টা ভিগোকে ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬২ ও ৬৪ মিনিট—দুই মিনিটের আকস্মিক ভিয়া-ঝড় সামলাতে পারেনি সেল্টা। ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট অ্যাটলেটিকোর। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৬৩। রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৬৪, তবে আজ রাতে লেভান্তেকে হারালে তাদের পয়েন্ট হয়ে যাবে ৬৭।

খুব বেশি দূরত্বে নেই রিয়াল। তার পরও বার্সার শিরোপা ধরে রাখার মিশন বড় ধরনের ধাক্কা খেয়েছে বলেই মন্তব্য করা হচ্ছে অন্য কারণে। ১১ জানুয়ারি থেকে লিগে যেন অপয়া এক ভূত ভর করেছে বার্সার ওপর। এ সময় নয় ম্যাচে ১৩ পয়েন্ট হাতছাড়া করেছে বার্সা। লিগে সর্বশেষ তিন ম্যাচের দুটোতেই হার। সর্বশেষ ছয় ম্যাচে বার্সা হেরেছে তিনটিতে। এমনই দুঃসময় চলছে, গতকাল পয়েন্ট টেবিলের তলানির দল ভ্যালাদোলিদের কাছেও হারতে হলো!

বেশ কয়েকটি সুযোগ কাল তৈরি করেছিল বার্সা। মেসির একের পর আক্রমণ রুখে দিয়েছেন ভ্যালাদোলিদ গোলরক্ষক ডিয়েগো মারিনো। চামচ দিয়ে মুখে তুলে দেওয়া গোলটাও গিলতে পারেননি নেইমার। ট্রান্সফার-বিতর্কের পর থেকেই কেমন যেন এলোমেলো লাগছে নেইমারকে, বার্সাকেও।

দলের সুরটা কোথায় যেন কেটে গেছে। সেটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় জেরার্ডো মার্টিনোর। তবে বার্সা কোচ এখনই হাল ছাড়তে নারাজ, ‘গাণিতিকভাবেই তো এখনো আমাদের সুযোগ আছে। আমরা শিরোপার জন্য লড়াই চালিয়ে যাব।’
সেই গাণিতিক হিসাবের কথা বার্সা কোচ বলেছেন আসন্ন এল ক্লাসিকোর দিকে তাকিয়ে। ২৩ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে খেলবে বার্সা। রিয়ালের সঙ্গে যদি চার পয়েন্টের ব্যবধান থেকেও থাকে, সেই ম্যাচেই সেটি একে নামিয়ে আনার সুযোগ পাচ্ছে বার্সা। কিন্তু রিয়াল যেখানে আগুনে ফর্মে, সেখানে শীতল-ফর্মের বার্সা কি রিয়ালকে তাদেরই মাঠে হারাতে পারবে? কালকের ম্যাচ কী বার্তা দিল মার্টিনোকে?

‘গতি খুঁজে পেতে আমাদের সমস্যা হয়েছে, বিশেষ করে শেষ ২০ মিটারের মধ্যে। আমরা সেখানে জায়গা বের করে নিতে পারিনি। আমাদের পায়ে দীর্ঘ সময় ধরেই বল ছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। এই ম্যাচে এটা পরিষ্কার আমরা আমাদের সেরা ফর্মে নেই। কিন্তু রিয়ালের বিপক্ষে আমাদের সেরাটা বের করে আনতেই হবে’—বলেছেন মার্টিনো।

না আনার বিকল্পও আসলে বার্সার হাতে নেই। ওই ম্যাচ হেরে গেলে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান হয়ে যাবে সাত। লিগে ম্যাচ বাকি থাকবে মাত্র নয়টি। এই নয় ম্যাচে রিয়াল আট পয়েন্ট খোয়াবে—এতটা দুরাশা না করাই ভালো। আগামী এল ক্লাসিকোই তাই বার্সার জন্য ফাইনাল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফর্ম যে রকম উল্টো রথে চেপে বসেছে, বার্সার সমর্থকেরা এই আশঙ্কা করতেই পারেন, রিয়াল ব্যবধানটা সাতে নিয়ে যাবে নিশ্চিত। বার্সার শিরোপা কি হাতছাড়া হয়েই গেল!