শিরোপা-ক্ষুধা শেষ হয়নি বার্সার: মেসি
২০০৮ সাল থেকে স্প্যানিশ লিগে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। ‘শিরোপা বিশেষজ্ঞ’ হিসেবে খ্যাত কোচ হোসে মরিনহোও পারেননি তাঁদের পেছনে ফেলে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে। টানা তৃতীয়বারের মতো লিগ-শিরোপা হাতে তুলেছে কাতালানরা। আর গতকাল ইউরোপীয় ফুটবলেরও সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে মেসি-জাভি-ইনিয়েস্তারা। তবে এর পরও তাদের শিরোপা-ক্ষুধা শেষ হয়নি বলে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি।২০০৯ সালের রোম ফাইনালের মতো গতকালও ম্যানচেস্টার ইউনাইটেডের জালে একবার বল জড়িয়েছেন মেসি। আর বারবার দ্রুতগতির আক্রমণে ছত্রভঙ্গ করে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ীদের রক্ষণভাগ। চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে ১২ গোল করে তিনি ছুঁয়ে ফেলেছেন এক আসরে সবচেয়ে বেশি গোল করা রুড ফন নিস্টলরয়ের রেকর্ডও। তবে এত সাফল্যের পরও আনন্দে আত্মহারা হয়ে যাননি ফিফার বর্ষসেরা এই খেলোয়াড়। বরং এখন থেকেই শুরু করে দিয়েছেন আগামী মৌসুমের পরিকল্পনা। গতকাল ম্যাচ শেষে ইউরোপা প্রেসকে দেওয়া এক সাক্ষাত্কারে মেসি বলেছেন, ‘আমরা আমাদের জয়যাত্রা অব্যাহত রাখতে চাই। এই খেলাটা আমরা নিশ্চয়ই অনেক দিন মনে রাখব। আমাদের পুরো দলই দুর্দান্ত খেলেছে। সবাই জানে, আমরা জিততেই পছন্দ করি। আমরা এখন এই শিরোপা জয়ের উদযাপনটা কীভাবে করা যায়, সেটা নিয়েই ভাবছি। এর পরই আমরা পরবর্তী মৌসুম নিয়ে চিন্তাভাবনা শুরু করব।’ ইএসপিএন।