শিরোপা-খরা কাটালেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা জয়ের স্বাদ যেন ভুলেই গিয়েছিলেন রজার ফেদেরার। রাফায়েল নাদালের রাজত্বে রেকর্ড ১৬টি গ্রান্ডস্ল্যাম জয়ী খেলোয়াড় হারিয়ে গেছেন—এমন কথাও শুনতে হয়েছে। তবে সাত মাসের খরা কাটিয়ে অধরা শিরোপার দেখা পেলেন ফেদেরার। ইউএস ওপেনের ঠিক আগ মুহূর্তে এসে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে সিনসিনাটি মাস্টার্স শিরোপা জিতেছেন সুইস এ তারকা।গত সপ্তাহে অ্যান্ডি মারের কাছে টরোন্টো কাপের শিরোপা হারিয়েছিলেন, গতকালও হারের শঙ্কায় পড়ে গিয়েছিলেন ফেদেরার। প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন, বাকি সেটগুলোয় জিতলেও ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। তবে দীর্ঘদিনের খরা কাটিয়ে জয় এসেছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি ফেদেরারের।গত জানুয়ারির পর প্রথম শিরোপা জয়ের পর ফেদেরার বলেন, ‘কয়েক সপ্তাহ থেকে আমি বেশ ভালো খেলছি। আজকের ম্যাচটি তার আরেকটি প্রমাণ। সবকিছু পরিকল্পনা মতো হচ্ছে বলে আমি খুশি।’ কষ্টার্জিত জয় সম্পর্কে ফেদেরার বলেন, ‘আমার বিশ্বাস ছিল, জয় আমারই হবে। আমি কখনোই আত্মবিশ্বাস হারাইনি, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছি। আমি মনে করি, এর প্রতিফলনই ম্যাচে ঘটেছে।’শুরুতে এগিয়ে গিয়েও শিরোপা হাতছাড়া হয়েছে মার্ডি ফিশের। বিজয়ী ফেদেরার সম্পর্কে যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়ের মূল্যায়ন, ‘ফেদেরারই সত্যিকারের চ্যাম্পিয়ন, সর্বকালের সেরা।’—রয়টার্স