শিরোপা খরা ঘুচল রিয়াল মাদ্রিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো ফুটবল বিশ্বকে খুব ভালোমতোই দেখিয়ে দিলেন, কেন তাঁকে ‘শিরোপা বিশেষজ্ঞ’ বলে ডাকা হয়। কেন তিনি নিজেকে পরিচয় দেন ‘স্পেশাল ওয়ান’ বলে। তাঁর হাত ধরেই তিন বছর পর কোন শিরোপা উঠল রিয়াল মাদ্রিদের ট্রফি কেসে। গতকাল কিংস কাপের ফাইনালে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইউরোপের অন্যতম ধনী এই ক্লাবটি। ১৯৯৩ সালের পর এটাই রিয়ালের প্রথম কিংস কাপ শিরোপা জয়।ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমের শুরু থেকেই জমজমাট লড়াই চলছিল এ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। সমানে গোল করে যাচ্ছিলেন দুজনই। লা লিগার সর্বোচ্চ গোলদাতার স্থানটি হাতবদল হচ্ছিল ক্রমাগত। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ছিলেন মেসিই। মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’তে মেসির বার্সেলোনা ৫-০ গোলে হারের লজ্জা দিয়েছিল রোনালদোর রিয়াল মাদ্রিদকে। কয়েক দিন আগে দ্বিতীয় ম্যাচে ড্র হয়েছিল ১-১ গোলে। গোল করেছিলেন দুজনই। কিন্তু গতকাল মেসির চেয়ে কিছুটা এগিয়ে গেলেন রোনালদোই। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে (১০৩ মিনিট) চমত্কার এক গোল করে এই পর্তুগিজ স্ট্রাইকারই বহুদিন পর রিয়ালের শিরোপা জয়ের নায়ক।স্প্যানিশ লিগের খেলায় বার্সেলোনার সঙ্গে ড্র করার পর খোদ রিয়াল সভাপতি আলফ্রেডো ডি স্টেফানোর সমালোচনার মুখে পড়েছিলেন হোসে মরিনহো। কিন্তু গতকাল অসাধারণ এক জয় দিয়ে জবাবটা বেশ ভালোমতোই দিয়েছেন ফিফা বর্ষসেরা কোচ। শিরোপা জয়টা বার্সেলোনাকে হারিয়ে হয়েছে বলে এটার গুরুত্ব তাঁর কাছে আরও বেশি। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘শিরোপা জেতাটা সব সময়ই আনন্দের। আমি আমার সর্বোচ্চটা করার চেষ্টা করেছি। এখন আমার খুবই ক্লান্ত লাগছে, তবে আমি খুবই খুশি। এটা ছিল একটা অসাধারণ ম্যাচ। আমি মনে করি, আমরা একটা দুর্দান্ত দলের সঙ্গে খেলেছি। আর বার্সার মতো একটা দলকে হারিয়ে শিরোপা জেতাটা খুবই অন্যরকম ব্যাপার।’ রয়টার্স।