শিরোপা চাই ঢাকা গ্ল্যাডিয়েটরসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পাশে মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ রফিক। আরেক পাশে হাবিবুল বাশার, ইয়ান পন্ট ও মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু। তাঁদের নিয়ে কাল রাজধানীর এক হোটেলে উন্মোচিত হলো বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের লোগো। বেজে উঠল দলের থিম সং, ‘চল না ঢাকা...ময়দান ফাঁকা...মেরে দিই ছক্কা...।’আশরাফুল দলের আইকন খেলোয়াড়। হাবিবুল বাশার আছেন প্রধান উপদেষ্টা হিসেবে। বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ইয়ান পন্ট দলটির প্রধান কোচ, বোলিং কোচ রফিক। দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক। বিন্দু আছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এ ছাড়া জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন ও ফিজিও বিভব সিংকেও পাওয়া যাবে তাদের ড্রেসিংরুমে।ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস’ রাখার কারণ হিসেবে জানানো হলো, মাঠে গ্ল্যাডিয়েটরের মতোই লড়বে এই দল। এই আশার কথা শোনালেন মালিকপক্ষ ইউরোপা গ্রুপের পরিচালক শিহাব চৌধুরী। তাঁর পাশে বসে আশরাফুলও শোনালেন আশার কথা, বিপিএল বাংলাদেশের ক্রিকেটেরই নতুন মাইলফলক হবে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এক মৌসুম আইপিএলে খেলার অভিজ্ঞতা থেকে বললেন, ‘এটাকে আইপিএলের মতোই মনে হচ্ছে আমার কাছে। অনেক বড় বড় বিদেশি খেলোয়াড় খেলবে। আমাদের খেলোয়াড়েরা তাদের সঙ্গে একই ড্রেসিংরুমে থেকে অনেক কিছু শিখতে পারবে।’কাল সকালেই ঢাকায় পৌঁছানো ইংলিশ কোচ পন্ট প্রথম বিপিএলে শিরোপার স্বপ্নই দেখাতে শুরু করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসকে, ‘আমার কাছে সবচেয়ে বড় হলো, বাংলাদেশে আবার কাজ করার সুযোগ পাওয়া, আশরাফুলের সঙ্গে একই দলে কাজ করা। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল করব। শিরোপা জয়ের আশা ছাড়া কোনো টুর্নামেন্টে খেলার কোনো অর্থ হয় না।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারের লক্ষ্যটাও কোচের মতোই, ‘দলটা কেমন হবে, সেটা নির্ভর করছে ১৯ তারিখের নিলামের ওপর। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দলই করতে চাই।’লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী ও পরিচালক তিশাম চৌধুরী। ঢাকা গ্ল্যাডিয়েটরসের মাধ্যমে বিপিএলে ঢাকা ও এর ঐতিহ্য তুলে ধরা হবে, এমন প্রতিশ্রুতির কথাও শোনালেন তাঁরা।