শিরোপা জিতলেন সেই মাশরাফিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে এসেই স্বভাবসুলভ চপলতা আর দুষ্টুমিতে উপস্থিত সবাইকে হাসালেন। বোঝা গেল, বিপিএলের শিরোপা জিততে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে নেতৃত্ব দিয়ে দারুণ খুশি দেশের সেরা এই পেসার। আরও খুশি দীর্ঘদিন পর নিজেকে ফিরে পেয়ে।হ্যাঁ নিজেকে ফিরে পাওয়াই তো। দেশের মাটিতে বিশ্বকাপটা খেলতে পারেননি ইনজুরির কারণে। দশ মাস আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন। খেলতে পারেননি নিজের সুনামমতো। বিপিএলের সাফল্যের মাধ্যমে তো পরিষ্কার হলো নিজের ফেরার পথটাও।‘বিপিএলের সময়সূচি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। প্রায় প্রতিদিনই খেলা। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতাটি ভালোভাবে শেষ করতে পেরে খুব ভালো লাগছে।’জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েও হারাতে হয়েছে। পারফরম্যান্স নয় আঘাতের কারণে। বিপিএলে অধিনায়ক হিসেবে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে সাফল্য এনে দিতে পেরে মনের গহিনে চেপে রাখা কষ্টটা আবার উথলে উঠল কি না—এমন একটি প্রশ্নের জবাবে আবারও সেই দুষ্টুমি মাশরাফির। মৃদু হেসে উত্তর দিলেন, ‘ভাই অধিনায়কত্ব পেয়েই ইনজুরিতে পড়েছি। অধিনায়কত্ব হারানো নিয়ে তাই কোনো কষ্ট নেই। আর এটা নিয়ে বিশেষ কিছু ভাবছিও না।’এশিয়া কাপ সামনে রেখে বিপিএল বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে কী ধরনের প্রভাব সৃষ্টি করবে—এমন একটি প্রশ্নের উত্তরে মাশরাফি বললেন, ‘কয়েক দিন রেস্টে থাকব। সবাই রেস্ট পাবে। এরপর এশিয়ার কাপ নিয়ে ভাবব। টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটে অনেক ব্যবধান। তবে বিপিএলে দারুণ সব ক্রিকেটারের সঙ্গে খেলে খেলোয়াড়েরা অনেক বেশি আত্মবিশ্বাস পাবে।’