শিরোপা জিতে কাঁদলেন রাদভানস্কা

তাঁর ক্যারিয়ারে ১৭টি ডব্লুটিএ শিরোপা। তবে এই শিরোপাটিকে আলাদা করেই রাখবেন আগ্নিয়েস্কা রাদভানস্কা। বছরের সেরা আট প্রতিযোগীকে নিয়ে সিঙ্গাপুরে পরশু বছরের শেষ টুর্নামেন্ট ডব্লুটিএ ফাইনালস জিতলেন দুবারের উইম্বলডনজয়ী পেত্রা কেভিতোভাকে হারিয়ে।
৬-২, ৪-৬, ৬-৩ গেমে জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন পোলিশ তারকা। ‘এখানে খেলার সুযোগ হবে কয়েক সপ্তাহ আগেও জানতাম না। সুযোগ পেয়ে ফাইনালে উঠলাম, জিতলামও। আমার জন্য অবিশ্বাস্য একটি দিন। জীবনের সবচেয়ে বড় দিনও’—শিরোপা হাতে নিয়ে ২৬ বছর বয়সী রাদভানস্কা কথাগুলো বলছিলেন চোখে আনন্দজল নিয়ে। এই সাফল্যে র্যাঙ্কিংয়েও উত্তরণ হয়েছে তাঁর। ছয় নম্বর থেকে উঠে গেছেন পাঁচে। তবে প্রথম চারটি স্থানে কোনো রদবদল হয়নি—সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, গারবিন মুগুরুজু ও মারিয়া শারাপোভা আছেন পরপর। পুরুষ টেনিসের র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ফেদেরারের। রাফায়েল নাদালকে হারিয়ে সুইস ইনডোরজয়ী ফেদেরার তিন থেকে উঠে এসেছেন দুইয়ে। শীর্ষে যথারীতি জোকোভিচ। দুই থেকে তিনে নেমে গেছেন অ্যান্ডি মারে। এএফপি, রয়টার্স।