শিরোপা জিতে শুরু করলেন ময়েস

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন বিদায় নিয়েছিলেন গত মৌসুমের শেষে। তারপর নতুন কোচের দায়িত্ব উঠেছে ডেভিড ময়েসের হাতে। এভারটানের সাবেক এই কোচ ফার্গুসনের উত্তরসূরি হিসেবে কেমন করতে পারবেন, তা নিয়ে হয়তো সংশয়েই ছিলেন অনেকে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্বটা যে সঠিক হাতেই উঠেছে, সেটা শুরুতেই বুঝিয়ে দিলেন ডেভিড ময়েস। ক্যারিয়ারের নতুন অধ্যায়টা শুরু করলেন শিরোপা জিতেই। গত মৌসুমের এফএ কাপজয়ী উইগান অ্যাথলেটিককে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা কমিউনিটি শিল্ড জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি গোলই করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা রবিন ভন পার্সি।
প্রতিটি ইংলিশ মৌসুমের পর্দা ওঠে কমিউনিটি শিল্ডের মধ্য দিয়ে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় গত মৌসুমের এফএ কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী দুই দল। সেই হিসেবে এবার কমিউনিটি শিল্ড জয়ের লক্ষ্যে মুখোমুখি হয়েছিল এফএ কাপজয়ী উইগান অ্যাথলেটিক ও প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড।
চোটের কারণে মৌসুমের প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামতে পারেননি তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে তাঁর অনুপস্থিতিতে কোনো সমস্যা পোহাতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভন পার্সি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন এই ডাচ স্ট্রাইকার।
শিরোপা জিতে মৌসুম শুরু করতে পারায় নিশ্চয়ই বেশ আত্মবিশ্বাস নিয়েই প্রিমিয়ার লিগ শুরু করতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ আগস্ট সোয়ানসে সিটির বিপক্ষে ম্যাচটি দিয়ে এবারের মৌসুম শুরু করবে গতবারের শিরোপাজয়ীরা।