শিরোপা জিতেই বিদায় গার্দিওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার পক্ষে গত চার বছরে মোট ১৩টি শিরোপা জিতেছিলেন পেপ গার্দিওলা। এ সময়ের অন্যতম সফল এই কোচ ইতিমধ্যেই কাতালানদের কোচের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। আর গতকালই ছিল বার্সেলোনার কোচ হিসেবে পেপ গার্দিওলার শেষ ম্যাচ। শেষ ম্যাচটাতেও তাঁকে আরও একটা শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন শিষ্যরা। অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে কিংস কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা।অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গতকাল প্রথমার্ধেই তিনটি গোল করে কাতালানরা। খেলা শুরুর তিন মিনিটের মাথায় বার্সাকে প্রথম গোলটি এনে দেন পেদ্রো। ২০ মিনিটে এবারের মৌসুমের ৭৩তম গোলটি করেন লিওনেল মেসি। আর তার তিন মিনিট পরে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই।এবারের মৌসুমটা খুব একটা ভালো না কাটলেও গত চার বছরে বার্সেলোনাকে একের পর এক সাফল্য এনে দিয়েছিলেন পেপ গার্দিওলা। এই সময়ে তিনি বার্সেলোনাকে এনে দিয়েছেন টানা তিনবারের স্প্যানিশ লিগ শিরোপা, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা এবং দুটি কিংস কাপ শিরোপা। তবে এবারের মৌসুমে স্প্যানিশ লিগ বা চ্যাম্পিয়নস লিগ শিরোপা হাতে তুলতে না পারলেও দল হিসেবে বার্সেলোনার অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন গার্দিওলা। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘১৪টা শিরোপা জয় অনেক কঠিন ব্যাপার। আর আমরা এই কাজটা করতে পেরে খুবই খুশি। আমার মতে, এটাই ছিল আমাদের সব চেয়ে ভালো মৌসুম। আমরা কৌশলগতভাবে অনেক উন্নতি করতে পেরেছি। প্রথম দিকের মৌসুমগুলোতে আমাদের খেলায় প্রাধান্য পেত শক্তি ও শারীরিক দক্ষতা। আমি সে সময়কার ম্যাচগুলো দেখেছি। তখন আমরা অনেক ভুল করতাম। কিন্তু এখন আমরা অনেক কৌশলী হতে পেরেছি।’গার্দিওলার অধীনের এই বার্সেলোনা দলকে অনেকেই বর্ণনা করেন স্বপ্নের দল হিসেবে। বার্সা ভিন্ন গ্রহের ফুটবল খেলে, এমন মন্তব্যও করেছেন অনেক ফুটবল বোদ্ধা। গার্দিওলাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে বার্সার এই দলটিই ইতিহাসের সেরা দল কি না। জবাবে তিনি বলেছেন, ‘এ রকম কিছু বললে সেটা খুবই অহংকারী মনে হবে। তবে আমি জানি আমরা ফুটবলে অনেক ভালো স্মৃতি রেখে গেছি। আর মানুষ এটা দিয়ে আমাদের মনে রাখবে।’ রয়টার্স