শিরোপা জিতেই মাসুদের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারার ঔজ্জ্বল্যেই ফুটে উঠছিল তৃপ্তি। ম্যাচ খেলার ক্লান্তি ছাপিয়েও ক্লান্ত মনে হচ্ছিল না একটুও। যে-ই ডাকছেন, ছবি তোলার আবদার মেটাচ্ছেন। পুরস্কার বিতরণী মঞ্চে বিদায়ী স্মারক দেওয়া হলো বিসিবিসহ অনেকের পক্ষ থেকে। অনেকে হাতে তুলে দিচ্ছেন ফুলের তোড়া। হ্যাটট্রিক শিরোপা জয়ের উৎসবে যোগ দেওয়ার জন্য রাজশাহীর সতীর্থদের ডাকাডাকি তো ছিলই।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বিকেলে এ সবকিছুরই মধ্যমণি যিনি ছিলেন, সেই খালেদ মাসুদ তৃপ্তির ব্যাপারটা লুকালেন না, ‘সব ভালোভাবেই শেষ হলো। খুবই ভালো লাগছে আমার।’১১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৪.৯৮ গড়ে রান করেছেন ৪৩৭২, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০১। তিনটি সেঞ্চুরি আর ২২টি ফিফটির সঙ্গে ১৮৪টি ক্যাচ ও ২০টি স্টাম্পিং—বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রায় সাড়ে ১৩ বছরের সাক্ষী। বিদায়বেলায় তারপরও একটা আক্ষেপ মাসুদের কণ্ঠেও, ‘আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট ভালোই উন্নতি করেছে। তবে আমার মনে হয়, এই সময়ের মধ্যে আরও ৫ বছর এগিয়ে থাকা উচিত ছিল। আমরা জাতীয় দল নিয়েই বেশি ব্যস্ত। এর বাইরেও ভালো ভালো খেলোয়াড় আছে। সুযোগ না পেলে তারা খেলবে কী করে? প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সুযোগ-সুবিধা আরও ভালো হওয়া উচিত।’জাতীয় ক্রিকেটের এ পর্যন্ত হওয়া ১২টি আসরে যৌথভাবে ঢাকার সঙ্গে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন রাজশাহী। এবার তো জিতল হ্যাটট্রিক শিরোপাই! দলের এই অবস্থানে আসার পেছনে মাসুদের বড় অবদান দেখছেন দলের সিনিয়র ক্রিকেটার আনিসুর রহমান, ‘কোনো সন্দেহ নেই, আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে পাইলটের (খালেদ মাসুদ) কারণে। সেই দলটাকে সব সময় মোটিভেট করত। কীভাবে আরও ভালো কিছু করা যায় সেই চিন্তা করত।’আনিসুরের চোখে রাজশাহীর সবচেয়ে বড় শক্তিই হলো ক্রিকেট নিয়ে সবার ইতিবাচক চিন্তা, যেটা মানেন বিদায়ী অধিনায়ক মাসুদও, ‘রাজশাহীর জন্য খেলার সময় আমরা ভেতরের আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করি—নিজের এলাকার জন্য আবেগ। শুধু রাজশাহী বলে নয়, আমরা খেলোয়াড়দের বোঝাতে চেষ্টা করি, যখন যে ক্যাপটা পরবে সেটার সম্মান যেন রাখে। জাতীয় লিগে যেমন, ক্লাব ক্রিকেটেও তেমন। আমাদের সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট।’বিদায়ী অধিনায়কের জন্য শিরোপা জিততে পেরে দারুণ খুশি ধীমান ঘোষ। এক হাতে জাতীয় লিগের আর অন্য হাতে সেরা উইকেট কিপারের ট্রফি নিয়ে বললেন, ‘অধিনায়কত্ব থেকে শুরু করে পাইলট ভাইয়ের চলাফেরা, খেলার প্রতি ভালোবাসা সবকিছু থেকেই আমরা অনেক কিছু শিখেছি। দলের ছাদ ছিলেন তিনি।’আগামীবার থেকে এই ছাদটা থাকবে না মাথার ওপর। রংপুর বিভাগ নতুন দল হিসেবে এলে হারাতে হবে আরও অনেককেই। যাওয়ার বেলায় মাসুদ অবশ্য বলে গেলেন, রাজশাহীর শক্তি তাতে কমবে না, ‘খেলোয়াড়-সংকট হবে না। আমাদের অনেক প্রতিভা আছে, অনেক একাডেমি আছে রাজশাহীতে। ভালো ভালো অনেক খেলোয়াড়ই আছে যারা গত চার-পাঁচ বছর সুযোগ পায়নি। দুটি বিভাগ হলে বরং ওই ছেলেগুলোর জন্য ভালো সুযোগ তৈরি হবে।’