শিরোপা জিতেই শেষ করলেন বেকহ্যাম
২০০৩ ও ২০০৭ সালে শিরোপা জয়ের মধ্য দিয়েই ইউরোপের শীর্ষ দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদকে বিদায় বলেছিলেন ডেভিড বেকহ্যাম। এবার সেই চিরাচরিত ভঙ্গিতেই আমেরিকার ঘরোয়া ফুটবল থেকে বিদায় নিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। টানা দ্বিতীয়বারের মতো লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে লিগ শিরোপা জিতিয়ে আমেরিকান ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী বেকহ্যাম। গতকাল নিজের বিদায়ী ম্যাচটাতেও হিউস্টন ডায়নামোর বিপক্ষে তাঁর দল এলএ গ্যালাক্সি পেয়েছে ৩-১ গোলের জয়। চমত্কার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে বর্ণিল ফুটবল ক্যারিয়ারের আরেকটি অধ্যায় শেষ করেছেন ডেভিড বেকহ্যাম। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে তিনি যখন মাঠ ছাড়েন, তখন স্টেডিয়ামের প্রায় ৩০ হাজার দর্শক দাঁড়িয়ে থেকে অভিনন্দন জানিয়েছেন বেকহ্যামকে। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে দর্শকদের বিদায়বার্তা শোনান ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। তিনি বলেছেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আজকের দিনটা আমার জন্য ছিল খুবই আবেগপূর্ণ একটা দিন। আমি এখানে ছিলাম প্রায় ছয় বছর। আমরা অনেকেই এখানে দীর্ঘদিন একসঙ্গে খেলেছি। আজকের জয়টাও আমি খুব উপভোগ করেছি।’গতকাল হিউস্টন ডায়নামোর বিপক্ষে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে একটি পেনাল্টি পেয়েছিল বেকহ্যামের দল এলএ গ্যালাক্সি। অনেকেই ধারণা করেছিলেন যে বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখার জন্য পেনাল্টি থেকে গোল করার সুযোগটা বেকহ্যামই নেবেন। কিন্তু শেষ সময়েও খেলোয়াড়ি মনোভাব ধরে রেখেছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি পেনাল্টি শটটা নিতে চাইনি। মূল বিষয়টা ছিল ম্যাচটা জেতা। আমার ব্যক্তিগত কোনো অর্জন এখানে মুখ্য না।’আমেরিকার ফুটবলকে বিদায় বলার পর এখন বেকহ্যাম বুটজোড়া একেবারেই তুলে রাখবেন নাকি নতুন কোথাও পাড়ি জমাবেন, সেটা এখনো নিশ্চিত না। তবে যা ইঙ্গিত দিয়েছেন তাতে বোঝা যায় যে, এত তাড়াতাড়িই ফুটবল অঙ্গন থেকে চিরবিদায় নেওয়ার কোনো ইচ্ছা বেকহ্যামের নেই। তিনি বলেছেন, ‘আমি কখনোই বুড়ো হই না। এখন আমার বয়স ৩৭ বছর আর এখনো আমি বেশ কিছু ফাইনাল ও চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার জন্য প্রস্তুত। আমি এখনো খেলাটা খুবই পছন্দ করি।’বেকহ্যামের বিদায়ের পর এবার ফুটবল বিশ্বের আরেক তারকা খেলোয়াড়, ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকাকে আমেরিকান ফুটবলে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। সেটা আসলেও বাস্তব রুপ (রূপ) পাবে কি না, তা এখনো বলা সম্ভব না। তবে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়। সত্তরের দশকে ফুটবল কিংবদন্তি পেলের পর আমেরিকান ফুটবল থেকে অবসর নিলেন আরেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম।