শিরোপা জেতা হলো না নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে রজার ফেদারারকে হারিয়ে শিরোপার যোগ্য দাবিদার হিসেবেই ফাইনালে উঠেছিলেন রাফায়েল নাদাল। কিন্তু আরও একবার নোভাক জকোভিচের কাছে হেরে শিরোপাটা অধরাই থেকে গেল এই এক নম্বর টেনিস তারকার। ক্লে কোর্টে গত দুই বছরে এটাই নাদালের প্রথম হার।৬-৪, ৬-৪ সেটে নাদালকে হারিয়ে শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত জকোভিচ বলেছেন, ‘আমি যেভাবে খেলেছি, তাতে আমি নিজেই অবাক হয়ে গেছি। সেমিফাইনালেও আমি হারতে হারতে জিতে গেছি। আর ক্লে কোর্টে এটাই বোধ হয় আমার সবচেয়ে ভালো পারফরম্যান্স।’ তবে এখনো নাদালই যে ক্লে কোর্টের রাজা, এটাও একবাক্যে স্বীকার করে নিয়েছেন এই সার্বিয়ান তারকা। বলেছেন, ‘এটা স্বীকার করতেই হবে, নাদাল এখনো ক্লে কোর্টের রাজা। সে এখানে যে কারও চেয়ে ভালো খেলে। আর অল্প কিছুদিনের মধ্যেই তাঁকে দুবার হারানোটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। আশা করি এটা ফ্রেঞ্চ ওপেনেও অনেক কাজে লাগবে।’শিরোপাটা অল্পের জন্য হাতছাড়া হয়ে গেলেও সেটা নিয়ে এখন খুব বেশি আফসোস করছেন না নাদাল। তিনি বলেছেন, ‘আমি হতাশ বা দুঃখিত নই। পুরো প্রশংসাই জকোভিচের প্রাপ্য। সে খুবই দুর্দান্ত খেলেছে। তবে আমি আরও আক্রমণাত্মক খেলতে পারতাম।’— রয়টার্স