শিরোপা জয়ের আশা সাকিবের (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে আজকের ম্যাচে সাকিবের হাত ধরেই জয় পেল কলকাতা। এ জয়ে তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল। ১৬ খেলায় ১০ জয় ও একটি খেলায় অমীমাংসিত এক পয়েন্টে তাদের মোট পয়েন্ট ২১। সমান ১৬ খেলায় ১১ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি। মুম্বাই ১৫ খেলায় ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়। কলকাতার ছুড়ে দেওয়া ১৩৭ রানের জবাবে পুনে ৮ উইকেটে ১০২ রান তোলে। কলকাতা পায় ৩৪ রানের জয়। সাকিব ব্যাট হাতে ৩০ বলে ৪২ ও চার ওভারে ১৮ রানে নেন ২ উইকেট। ম্যাচ সেরা সাকিব আল হাসান। আইপিএলে আজকের আগে মোট পাঁচটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। আগের ম্যাচগুলোতে বল হাতে ভালো পারফরমেন্স দেখালেও ব্যাট হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডার। চার ম্যাচে করেছিলেন ৩৭ রান। তবে আজ গ্রুপ পর্বের শেষ খেলায় পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে নিজের ব্যাটিং দক্ষতাটাও বেশ ভালোমতোই দেখিয়েছেন সাকিব। তাঁর খেলা ৩০ বলে ৪২ রানের ইনিংসটিই কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ইনিংস। সাকিবের ভালো ব্যাটিংয়ে জয়ের জন্য পুনে ওয়ারিয়র্সকে ১৩৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কলকাতা।মাত্র ৪০ রানের মাথায় কলকাতার দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান অধিনায়ক গৌতম গম্ভীর ও অভিজ্ঞ জ্যাক ক্যালিস সাজঘরে ফেরার পর শক্ত হাতে দলের হাল ধরেন সাকিব। তৃতীয় উইকেটে ব্রান্ডন ম্যাককালামের সঙ্গে জুটি বাঁধেন ৬৭ রানের। ম্যাককালাম সাজঘরে ফিরেছেন ৪৩ বলে ৪১ রান করে। আর ইনিংসের ১৮তম ওভারে ৪২ রান করে আউট হন সাকিব। ৩০ বলে ৪২ রানের এই ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুইটি ছয়ের মার।

এর আগের সব ম্যাচেই সফল ছিলেন বোলার সাকিব। কোনো ম্যাচেই উইকেটবিহীন ছিলেন না এই বাঁহাতি অফস্পিনার। পাঁচ ম্যাচে নিয়েছিলেন আটটি উইকেট। মুম্বাইয়ের বিপক্ষে দলের ভয়াবহ বোলিং ব্যর্থতার মধ্যেও ইনিংসের একমাত্র, টেন্ডুলকারের উইকেটটি নিয়েছিলেন সাকিব। আজ নিশ্চিতভাবেই তিনি প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বসেরা অলরাউন্ডারের মর্যাদা দেওয়া হয়।সাকিবের ৪২ ও ম্যাককালামের ৪১ রানের ইনিংসটির সুবাদে স্কোর বোর্ডে ১৩৬ রান যোগ করে ইনিংস শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। এর পরপরই এক সাক্ষাত্কারে সাকিব বলেছেন, ‘আজকের ম্যাচটাকে আমরা কোয়ার্টার ফাইনালের পথে একটা বড় ধাপ বলে বিবেচনা করছি। আমরা যদি এরপর টানা তিনটা ম্যাচ জিততে পারি, তাহলে আমরা শিরোপাটা জিততে পারব।’