শিরোপা থেকে ১৪৯ রান দূরে চেন্নাই
স্পট ফিক্সিং ডামাডোলের মধ্যেই মাঠে গড়িয়েছে আইপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। ম্যাচ পাতানোর অভিযোগ মাথায় নিয়ে যে দলটির প্রধান গুরুনাথ মায়াপ্পন মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, সেই চেন্নাই সুপার কিংসই লড়ছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।কলকাতার ইডেন গার্ডেনে তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ নিতে ১৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। শুরুতেই বিপর্যয়ের মুখে পড়লেও কাইরন পোলার্ড ও আম্বাতি রাইডুর লড়াকু ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করে মুম্বাই।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি শচীন-পন্টিং-রোহিত শর্মাদের মুম্বাই ইন্ডিয়ানস। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ১৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ, আদিত্য টারে ও অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ উইকেটে চাপের মুখে ৩৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক ও আম্বাতি রাইডু। কিন্তু এ সময় রানের গতি কমে যায় বেশ খানিকটাই। ১০ম ওভারে ব্যক্তিগত ২১ রানে কার্তিক যখন ফিরে যান, তখন দলের সংগ্রহ ছিল ৫২ রান। পঞ্চম উইকেটে ঝোড়ো ব্যাটিং করে ৪৮ রানের জুটি গড়েন রাইডু ও কাইরন পোলার্ড। ১৬তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে আউট হন রাইডু। এরপর উইকেটে এসেই তিনটি চার মেরে সংগ্রহটা আরও বড় করার আশা জাগিয়েছিলেন হরভজন সিং। কিন্তু শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিং করে মুম্বাইকে চাপের মুখে ফেলে দেন ডোয়াইন ব্রাভো ও ক্রিস মরিস। শেষ দুই বলে দুইটি ছয় মেরে মুম্বাইয়ের স্কোরবোর্ডটাকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান পোলার্ড। ১৪৯ রানের সংগ্রহটা মুম্বাইয়ের জয়ের আশাটাও অনেক বাড়িয়ে দিয়েছে। মাত্র ৩২ বলে ৬০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন পোলার্ড।