শিরোপা দিয়ে শুরু জোকোভিচের

বছরের শুরুটা এর চেয়ে ভালো হতে পারত না নোভাক জোকোভিচের। ২০১৬ শেষ করেছিলেন একরাশ হতাশা নিয়ে। বছরের মাঝপথেও যা ভাবা যায়নি, সেটাই হলো বছরের শেষ দিকে। ইউএস ওপেনের ফাইনালে হারলেন স্তান ভাভরিঙ্কার কাছে, এটিপি ট্যুর ফাইনালসে হার অ্যান্ডি মারের কাছে। র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব খুইয়ে বসলেন ওই মারের কাছে। তবে বছর ঘুরতেই যেন পুরোনো সেই জোকোভিচ। পরশু বন্ধু মারেকে ৬-৩, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে কাতার ওপেনের শিরোপা জিতেছেন ‘জোকার’। ম্যাচে খুব স্বচ্ছন্দ মনে না হলেও, শিরোপা জিতে বছর শুরু করতে পারার আলাদা গুরুত্ব আছে এই সার্বিয়ানের কাছে, ‘২০১৬ সালের শেষ তিন মাস কোর্টে আত্মবিশ্বাসী ছিলাম না, ধারাবাহিকভাবে খেলতে পারিনি। তবে ২০১৭ সালের শুরুতেই বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে হারানোটা স্বপ্নের মতো শুরু। আশা করি, এটার সেরা ফলটাই পাব।’ এ হারে মারের টানা জয়ের দৌড় থামল ২৮ ম্যাচে। জোকোভিচের কাছে এ নিয়ে ২৫তম বারের মতো হারলেন এই স্কটিশ। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের (অস্ট্রেলিয়ান ওপেন) আগে আত্মবিশ্বাসে একটু টান পড়ল না তো মারের? সূত্র: রয়টার্স।