শিরোপা দেখছে ঢাকা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে ২০০৬-০৭ মৌসুমে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা বিভাগ। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ঢাকা বিভাগের ওটাই হয়ে আছে শেষ সাফল্য। সাত বছর পর আবারও শিরোপার সুবাস পাচ্ছে ঢাকা, এবারও শেষ ম্যাচে প্রতিপক্ষ খুলনা। পঞ্চদশ জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনেই প্রায় নিশ্চিত, অপেক্ষা ফুরোচ্ছে ঢাকার। অনিশ্চয়তা যেটুকু, সেটা অঙ্কের হিসাবে। সেই অনিশ্চয়তাটুকুও আজ মিলিয়ে যেতে পারে, যদি কক্সবাজারে খুলনার বিপক্ষে ঢাকা প্রথম ইনিংসে লিড নিতে পারে।
শিরোপা নিশ্চিত করতে ঢাকা বিভাগের দরকার মাত্র ৫ পয়েন্ট। কাল কক্সবাজারে খুলনাকে ২৪৩ রানে অলআউট করে ৩টি বোলিং বোনাস পয়েন্ট পেয়ে গেছে ঢাকা বিভাগ। ১ উইকেটে ৭৫ রান নিয়ে দিন শেষ করা দলটি ২০০ পেরোলোই পাবে আরেকটি পয়েন্ট, খুলনার স্কোর পেরোলে পাওয়া যাবে আরও একটি। তবে আর কোনো পয়েন্ট না পেলেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে দলটি। চট্টগ্রামের ম্যাচে ঢাকা মহানগরের বিপক্ষে ১১০ ওভারে রাজশাহীর রান ৩৫০-এর কম থাকলেই হয়। কাল রাজশাহী দিন শেষ করেছে ৪৪ ওভারে ৭ উইকেটে ১৩৯ রানে।
দিনের দ্বিতীয় বলেই উইকেট। কক্সবাজারে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ। ৬৮ রানেই নেই খুলনার ৫ উইকেট। খুলনা তবু বিপর্যয় এড়াল নিজামউদ্দিন ও জিয়াউর রহমানের ব্যাটে। ১০৬ রানের জুটি গড়ে নিজাম-জিয়া পাল্টা আক্রমণও করেছেন। জিয়া মেরেছেন ৮টি ছক্কা, সঙ্গে ৫টি চার। ১০৩ বলে ইনিংস সর্বোচ্চ ৮০ রান জাতীয় দলের এই অলরাউন্ডারের। পরে ২১ বলে ৩২ রানের ছোট অথচ ঝোড়ো ইনিংস খেলা আবদুর রাজ্জাক নাজমুল অপুকে মেরেছেন টানা তিনটি ছক্কা। উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলার পর ঢাকার মজিদের (৪২) আউটের পরই শেষ দিনের খেলা।
চট্টগ্রামে ঢাকা মহানগরকে ১২৬ রানে অলআউট করার পর ব্যাটিং বিপর্যয় রাজশাহীর ইনিংসেও। ১৩৯ রানে ৭ উইকেট হারানো দলটি এখন তাকিয়ে আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান সানজামুল ও মুক্তারের দিকে। দলটির পেসার দেলোয়ার ৪১ রানে নিয়েছেন ৫ উইকেট।
ফতুল্লায় ব্যাটে ঝড় তুলেছেন সোহাগ গাজী। রংপুরের বিপক্ষে ৬৭ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮৭ রান জাতীয় দলের এই অলরাউন্ডারের। নয়ে নেমে ফিফটি পেয়েছেন কামরুল। বরিশাল অলআউট ২৮৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-খুলনা, কক্সবাজার
খুলনা ১ম ইনিংস: ২৪৩ (জিয়া ৮০, নিজামউদ্দিন ৪৩, ইমরুল ৩৯, রাজ্জাক ৩২; মাসুম ৩/৬৯, শুভাগত ২/৬, মোসাদ্দেক ১/৫, শরীফ ১/২৫, তাইবুর ১/৩১, অপু ১/৭৯)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৭৫/১ (মজিদ ৪২, রনি ৩২*; নাহিদুল ১/১)।

রাজশাহী-ঢাকা মহানগর, চট্টগ্রাম
ঢাকা মহানগর ১ম ইনিংস: ১২৬ (মার্শাল ৩০, শহীদ ২২, ইলিয়াস ২০*; দেলোয়ার ৫/৪১, ফরহাদ রেজা ২/১৯, সানজামুল ১/১, ফরহাদ হোসেন ১/৪, মুক্তার ১/২৯)। রাজশাহী ১ম ইনিংস: ১৩৯/৭ (সাব্বির ৬৪, মুশফিক ২২; শহীদ ৩/২৪, আবু বকর ২/৮, তালহা ১/১২, ইলিয়াস ১/১৯)।

সিলেট-চট্টগ্রাম, বিকেএসপি
চট্টগ্রাম ১ম ইনিংস: ২১৩ (সাইফউদ্দিন ৬৪*, আল মামুন ৪০, মুমিনুল ৩৫, ইয়াসির ২৭; সাদিকুর ৩/৩৪, এনামুল জু. ৩/৬৮, নাজমুল ২/১০, অলক ১/১১, জায়েদ ১/৪৮)। সিলেট ১ম ইনিংস: ৭৫/৩ (অলক ২৮; ইউনুস ১/৩, আল মামুন ১/৪, সাইফউদ্দিন ১/২০)।

রংপুর-বরিশাল, ফতুল্লা
বরিশাল ১ম ইনিংস: ২৮৯ (সোহাগ ৮৭, কামরুল ৫২, শাহিন ৪৫, নুরুজ্জামান ৪১, ফজলে রাব্বী ২৪; সোহরাওয়ার্দী ৩/৭৪, সাজেদুল ২/২২, তানভীর ২/৫৯, মাহমুদুল ২/৬৭, শুভাশিস ১/৩৪)। রংপুর ১ম ইনিংস: ৮৯/২ (নাসির ২৭*, তারিক ২৬, কল্যাণ ২২; মনির ১/১২, সোহাগ ১/৪৫)।