শিরোপা দেখছে ভারত
চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে ওঠা। এর মধ্যেই যেন শিরোপা জয়ের স্বাদ পেয়ে যাচ্ছে ভারতীয়রা! ‘মহাকাব্যিক লড়াই’ জেতার পর ভারতীয় পত্রপত্রিকাগুলোয় সেই সুর। মেইল টুডে যেমন লিখেছে, ‘এর পর...কাপ জেতাটা হবে আমাদের জন্য বোনাস।’ পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে পাইওনিয়ার। শিরোনাম করেছে, ‘গুডবাই পাকিস্তান, হ্যালো মুম্বাই।’ভারতের পত্রপত্রিকা যা-ই বলুক, সাবেকেরা কিন্তু মনে করিয়ে দিচ্ছেন, আসল কাজ শেষ হয়নি এখনো। শতকোটি মানুষের আবেগের স্রোতে না ভেসে গিয়ে সেটি ২ এপ্রিল ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তুলে রাখার পরামর্শই দিচ্ছেন কপিল-গাভাস্কাররা। ভারতের বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক কপিল দেবের যেমন বিশ্বাস, ধোনি পারবে তাঁর পাশে জায়গা করে নিতে, ‘২৫ বছর ধরে জায়গাটিতে নিঃসঙ্গ বসে আছি। সময় এসেছে একজন সঙ্গী খুঁজে পাওয়ার।’এমনিতে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে ধোনির একটা স্নায়ুযুদ্ধই চলছে। অনেকে এর মধ্যে ফাঁকফোকর গলে সমালোচনাও করছে। ২ এপ্রিল ভারত শিরোপা জিততে না পারলে ধারালো দাঁত নিয়ে হামলে পড়বে নিষ্ঠুর সমালোচকেরা। যদিও কপিল বলছেন, ‘ও শিরোপা জিতুক আর না জিতুক, ধোনির ওপর আমার আস্থা এতটুকু কমবে না। অনেকেই মনে করে, শিরোপা জিততে পারা আর না পারা দিয়েই শেষ বিচার করা উচিত। তবে আমি অন্য রকম মনে করি। রিকি পন্টিংকে দেখুন। দুটো বিশ্বকাপ জিতল। অথচ একটা বিশ্বকাপ জিততে না পারাতেই অধিনায়কের পদ থেকে সরে যেতে হলো! এভাবে একজন অধিনায়ককে মোটেও মূল্যায়ন করা উচিত নয়।’কপিল যেমন ধোনির অধিনায়ককে আগলে রাখছেন, যেমননি সুনীল গাভাস্কার এগিয়ে এলেন শচীন টেন্ডুলকারের পাশে। সেমিফাইনালে চার-পাঁচবার সুযোগ পাওয়া টেন্ডুলকারের ইনিংসটি তাঁর নামের পাশে বেমানান বলছে অনেকেই। কিন্তু গাভাস্কার তাঁর অভিজ্ঞ চোখের আতশকাচ দিয়েই দেখছেন ৮৫ রানের ইনিংসটিকে, ‘ও নিজের সেরাটা খেলেনি কিন্তু উইকেট আঁকড়ে ছিল ঠিকই। নিজের উইকেটটা ও দিয়ে আসেনি। টেন্ডুলকার-শেবাগ উড়ন্ত সূচনা এনে দিয়েছিল। সেটিও কিন্তু ব্যবধান গড়ে দিয়েছে। সেই ঝোড়ো শুরুটা না হলে তো ২৩০ রানে আটকে যেত ভারত।’ ওয়েবসাইট।