শিরোপা দেখছেন সেরেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালদের দেখে বোঝার উপায় ছিল না, তাঁরা অনুশীলন করছিলেন। সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কাদের দেখেই বরং সেটা বোঝা গেল। অস্ট্রেলিয়া ওপেনের আগে কাল মেলবোর্নে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সম্ভাব্য শিরোপাজয়ীরা,  এএফপি
নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালদের দেখে বোঝার উপায় ছিল না, তাঁরা অনুশীলন করছিলেন। সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কাদের দেখেই বরং সেটা বোঝা গেল। অস্ট্রেলিয়া ওপেনের আগে কাল মেলবোর্নে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সম্ভাব্য শিরোপাজয়ীরা, এএফপি

মেলবোর্নে গতকাল তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ফারেনহাইট। আজ-কাল সেটা বেড়ে ৪২ ডিগ্রি ছোঁবে বলেই পূর্বাভাস। সূর্যের কিরণের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে কোর্টের উত্তাপ। শিরোপার দাবি নিয়ে কেউ হুংকার ছুড়ছেন তো, কেউ প্রত্যাশার তাপে গরম করে তুলছেন পরিবেশ। দুইয়ে মিলে মেলবোর্ন যেন টগবগ করে ফুটছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও নোভাক জোকোভিচ ও ভিক্টোরিয়া আজারেঙ্কার ওপরই আলোটা বেশি থাকার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে টানা দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা পড়ে গেছেন আড়ালে। মেয়েদের এককে সবটুকু আলোই সেরেনা উইলিয়ামসের ওপর। খেলোয়াড়, বোদ্ধা, বাজিকরেরা তো বটেই; এমনকি সাংবাদিকেরাও পারলে সেরেনার হাতে অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ শিরোপাটি তুলে দেন এখনই!

অস্ট্রেলিয়ান ওপেনে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছেন সেরেনা। মেলবোর্নে আরেকবার শিরোপা জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী এই মার্কিন। তাঁর কোচ প্যাট্রিক মোরাতোগ্লু বললেন, ‘এ মুহূর্তে সে যে পর্যায়ের টেনিস খেলছে, সেদিকে তাকালে দেখবেন, সে সব শীর্ষ খেলোয়াড়কেই বারবার হারাচ্ছে। কাজেই উচ্চাশা সে করতেই পারে।’

গত বছরের দুর্দান্ত ফর্মটা টেনে আনাই শুধু নয়, সেরেনা কোর্টে নামছেন সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী আজারেঙ্কা ও মারিয়া শারাপোভাকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে। ব্রিসবেন ইন্টারন্যাশনাল জয়ের পথে শারাপোভা-আজারেঙ্কা দুজনকেই হারিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনা শিরোপা-মিশনটা শুরু করছেন আজ উদ্বোধনী দিনেই। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। আজারেঙ্কা-শারাপোভা কোর্টে নামবেন আগামীকাল। আজারেঙ্কা অবশ্য সেরেনার ফেবারিট-তত্ত্ব উড়িয়েই দিয়েছেন। টানা দুবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা বরং মেলবোর্নে ‘হ্যাটট্রিকের’ স্বপ্নে বিভোর। শারাপোভার চোখে দ্বিতীয় শিরোপার স্বপ্ন।

পুরুষ এককে অবশ্য জোকোভিচই সবচেয়ে বড় ফেবারিট। গত তিন বছরের টানা চ্যাম্পিয়ন। সব মিলিয়ে জোকোভিচ মেলবোর্নে শিরোপা জিতেছেন চারবার। এবার তাঁর সামনে উন্মুক্ত যুগে মেলবোর্নে সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ডের হাতছানি। সার্বিয়ান তারকা আশাবাদী, নতুন কোচ জার্মান কিংবদন্তি বরিস বেকারকে সঙ্গে নিয়ে মুকুট ধরে রাখতে পারবেন। শিরোপার পথে তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ ধরা হচ্ছে রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারেকে। হিসেবে রাখতে হচ্ছে রজার ফেদেরারকেও। যদিও ড্র-ভাগ্যে জোকোভিচের ফাইনালের রাস্তাটা মসৃণ। নাদাল, মারে, ফেদেরার—তিনজনই পড়েছেন অন্য অর্ধে। গত বছরটি ছিল নাদালের জন্য বিস্ময়কর এক বছর। ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড নতুন বছরটাও শুরু করেছেন কাতার ওপেন জিতে। মেলবোর্নে দ্বিতীয় শিরোপার আশা তাই করতেই পারেন নাদাল। তিনবার ফাইনালে হেরে যাওয়ার হতাশাটা এবার মুছে ফেলতে চান মারেও। ফেদেরার তো হুংকারই দিয়ে রেখেছেন। নাদাল-মারে-ফেদেরার তিনজনই নামবেন আগামীকাল। ফ্রান্সের সাবেক তারকা ফ্যাব্রিস সান্তোরোর সর্বোচ্চ ১৮ বার অংশ নেওয়ার রেকর্ডে ভাগ বসাতে যাওয়া লেটন হিউইটও কোর্টে নামছেন শিরোপার আশায়। ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে ফেদেরারকে হারিয়ে দাবিটা কিন্তু জানিয়েও রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা। এএফপি।