শিরোপা ধরে রাখার প্রত্যয় জকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কয়েকবছর ধরেই ইউএস ওপেনে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন নোভাক জকোভিচ। ২০০৭ সালের পর তিনবার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন এই সার্বিয়ান টেনিস তারকা। তবে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে অনেকদিন। গত বছর ফাইনালে রাফায়েল নাদালের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। আর এখন সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় নিয়েই এবারের মৌসুমের শেষ গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টটি শুরু করছেন জকোভিচ।গত বছরটায় ক্যারিয়ারের সুবর্ণ সময় কাটিয়েছেন নোভাক জকোভিচ। জিতেছেন তিনটি গ্রান্ড স্ল্যাম শিরোপা। এবছরেও অস্ট্রেলিয়ান ওপেনর জিতে শুরুটা দারুণভাবেই করেছিলেন এসময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। কিন্তু এরপর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের শিরোপাটা আর হাতে তুলতে পারেননি তিনি। হারাতে হয়েছে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও। তবে এখন ইউএস ওপেনের শিরোপাটা ধরে রাখার লক্ষ্য নিয়েই কোর্টে নামতে যাচ্ছেন জকোভিচ। আর বিগত বছরগুলোতে নিউ ইয়র্কে যে অভূতপূর্ব সাফল্যটা পেয়েছেন সেটাই অনেক অনুপ্রেরণা যোগাচ্ছে সার্বিয়ান এই টেনিস তারকাকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি অনেক শক্তি পাচ্ছি। আর আমি এই প্রতিযোগিতাটাতে খেলতে খুব পছন্দ করি। গত পাঁচ বছরে আমি এখানে অনেক সাফল্য পেয়েছি। গতবারের শিরোপাজয়ী হিসেবে এবার ইউএস ওপেনে অংশ নিতে পারার অভিজ্ঞতাটা সত্যিই দারুণ।’তবে জকোভিচের কোচ জেলেনা জেনিকের একটি মন্তব্য সম্প্রতি আলোড়ন তুলেছিল টেনিস বিশ্বে। ব্যক্তিগত সমস্যার কারণে জকোভিচের পারফরমেন্সে অনেক তারতম্য ঘটেছে বলে জানিযেছিলেন জেনিক। এ বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাননি জকোভিচ। তবে সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘সমস্যা তো সবারই থাকে। অন্য অনেকের সমস্যার বিবেচনায় আমার সমস্যা হয়তো খুবই ক্ষুদ্র। আমি জীবন নিয়ে কোন অভিযোগ করতে চাই না।’প্রথম রাউন্ডে ইতালির পাওলো লরেঞ্জির বিপক্ষে ম্যাচটি দিয়ে এবারের ইউএস ওপেন শুরু করবেন নোভাক জকোভিচ। ইএসপিএন।