শিরোপা ফিরল মোহামেডানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা নির্ধারণী ম্যাচ, তার ওপর মুখোমুখি আবাহনী ও মোহামেডান! কিন্তু ঢাকার ক্রিকেটে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের চিরচেনা ঝাঁজটা ছড়াতে পারল না মেয়েরা। তৃতীয় মহিলা ক্লাব ক্রিকেটের শেষ ম্যাচে কাল মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি আবাহনী। ৯ উইকেটে ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করেছে মোহামেডান।২০০৯ সালে লিগের প্রথম আসরেরও চ্যাম্পিয়ন মোহামেডান। গতবার শিরোপা জিতেছে আনসার। কিন্তু ‘ক্লাব দল’ নয় বলে এবার আনসার খেলতেই পারেনি। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলে রানরেটের সুবাদে আবাহনীরও একটা সুযোগ থাকত। কিন্তু একপেশে ম্যাচে মোহামেডান তাদের সেই সুযোগই দেয়নি। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ, ৬ পয়েন্ট নিয়ে আবাহনী তৃতীয়।৪০ ওভারের ম্যাচে আবাহনীর ৮ উইকেট করা ৯৪ রানের জবাবে ২৫.২ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় অবশ্য ডি-এল পদ্ধতিতে তাদের টার্গেট দাঁড়িয়েছিল ৩২ ওভারে ৮৩ রান। ওপেনার শুকতারা (২৫) ও শায়লা শারমিন (৩৯*) মিলেই করেছেন ৬৪। এর আগে রুমানা ২২ রানে ৩ উইকেট নিয়েছেন। লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে মোহামেডান ট্রফি ছাড়াও পুরস্কার হিসেবে পেয়েছে ৫০ হাজার টাকা, রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেয়েছে ৪০ হাজার টাকা।লিগ শেষ হলেও আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে বেতনভুক্ত ১৬ ক্রিকেটারকে নিয়ে শুরু হবে জাতীয় মহিলা ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। নভেম্বরে ঢাকায় ১০টি দল নিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব হবে, ক্যাম্প সেটিকে সামনে রেখেই। বাছাইপর্বে সেরা চার দলের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা, ছয় দলের মধ্যে থাকতে পারলে পাবে ওয়ানডের মর্যাদা।