শিরোপা ফিরে পেল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকেরা কাদের সমর্থন করল সেটা রহস্যই থেকে গেল!ব্যাটিংয়ে ঢাকার যখন খারাপ অবস্থা তখন বরিশালের সমর্থক তো তারা হলোই, ঢাকার ব্যাটসম্যান শামসুর রহমান আউট হয়ে ফেরার সময় তাঁকে দুয়োও দিল। আর এতে অতিপ্রতিক্রিয়াশীল শামসুরের অকারণ ‘ধমক’ও শুনল। সেই দর্শকেরাই আবার ঢাকার জয়ের পর স্লোগান তুলল, ‘ইলিয়াস সানিকে জাতীয় দলে চাই।’একটা মাত্র ইনিংস দিয়ে জাতীয় দলের দরজা দেখা কঠিন। তবে বরিশালের বিপক্ষে ঢাকাকে ৩ উইকেটের জয় এনে দেওয়া এই ইলিয়াস সানিই কাল জাতীয় লিগের ফাইনালের নায়ক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ বিকেলের আলোর সবটুকুই তাঁর ওপর। দর্শকের মুখে ইলিয়াস সানি, সাংবাদিকদের জটলা তাঁকে ঘিরে, এমনকি ঢাকা বিভাগীয় দলের আনন্দনৃত্যের মধ্যমণিও তিনি। গতবারের চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীস তো ম্যাচ শেষে বললেন, ‘আমরা এক ইলিয়াস সানির কাছেই হেরে গেছি। অসাধারণ ব্যাটিং করেছে ও।’তা কী করেছেন ইলিয়াস? বরিশালের ৯ উইকেটে করা ২২১ রানের জবাবে ৭৯ বলে অপরাজিত ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে ২০০৬-০৭ মৌসুমের পর ঢাকাকে এনে দিলেন জাতীয় লিগের তৃতীয় ওয়ানডে শিরোপা। ঢাকা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০২-০৩ মৌসুমে।ইলিয়াস প্রতিরোধের দেয়াল না তুললে বরিশাল শিরোপা রেখেই দিতে পারত। বিপর্যয়ে শুরু ঢাকার ব্যাটিং একেবারেই এলোমেলো হয়ে যায় ৭৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর। যাঁরা বিদায় নিলেন, তাঁদের মধ্যে মোহাম্মদ আশরাফুলও ছিলেন। ফজলে রাব্বির বলে পয়েন্টে আরিফুলের হাতে ক্যাচ দেওয়া আশরাফুল মোট ৩৩১ রান করে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড়ের পুরস্কার (৫০ হাজার টাকা) পাওয়ার ঘোষণা শুনলেন ম্যাচ শেষে। আশাবাদী হলেন, জাতীয় লিগের এই পারফরম্যান্স হয়তো তাঁকে জাতীয় দলে ফেরার পথ দেখাবে। কিন্তু শেষটা ভালো না হওয়ার হতাশা কি এড়াতে পারলেন?তবে মাহমুদউল্লাহর সঙ্গে ইলিয়াস এড়িয়ে গেছেন ঢাকার পরাজয়ের শঙ্কা। প্রতিরোধের শুরুটা মাহমুদউল্লাহর ব্যাটে। ষষ্ঠ উইকেটে ইলিয়াসের সঙ্গে ৯৭ রানের জুটি পাঁচ নম্বরে নামা মাহমুদউল্লাহর। তবে জয়ের দূরত্বটা তখনো অনেক বেশি থাকাতে তিনি এগোচ্ছিলেন সতর্কভাবে। ৮০ বলে খেলা ৫৩ রানের ইনিংসে ফিফটি ছুঁয়েছেন ৭৩ বলে, তা-ও কোনো চার-ছক্কা ছাড়া। ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার পর প্রথম ওভারের (৪৪তম) দ্বিতীয় বলেই কামরুলের বলে রাব্বীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ।ঢাকাকে জেতানোর কাজটা অবশ্য তার আগের ওভারেই শুরু করে দিয়েছিলেন ইলিয়াস। বাঁহাতি স্পিনার মনির হোসেনকে পরপর দুই বলে মিড উইকেটের ওপর দিয়ে মেরেছেন দুটি দুর্দান্ত ছক্কা। ৪৮তম ওভারের শেষ তিন বলে এই মনিরকেই কাভার ড্রাইভে পরপর তিনটি চোখ ধাঁধানো বাউন্ডারি মেরে দলকে দুই ওভার বাকি থাকতে নিয়ে গেছেন জয়ের বন্দরে। ইলিয়াসের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকার জন্য শেষ পাওয়ার প্লেটাই জুগিয়েছে জয়ের আসল রসদ। ১ থেকে ১০ আর ১১ থেকে ১৫—এই দুই পাওয়ার প্লেতে যেখানে রান এসেছে মাত্র ৩৯ ও ১৬, সেখানে ৪৪ থেকে ৪৮তম ওভারের শেষ পাওয়ার প্লেতেই এসেছে ৪৭ রান! শেষ ৮ ওভারে ৬৯।টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫৭ রানে ৩ উইকেট হারানো বরিশালের শুরুটাও ভালো ছিল না। চতুর্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়ে সেখানেও দলকে টেনে তুলেছিলেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান শাহীন হোসেন (৪০) ও আসিফ আহমেদ (৪৮)। ঢাকার পেসার শাহাদাত হোসেন ৩৯ রানে ৪ উইকেট নেওয়ার পরও তাই লড়াই করার মতো রান ছিল বরিশালের।কিন্তু লড়াইটা ঢাকার সঙ্গে নয়, শেষ পর্যন্ত গিয়ে ঠেকল এক ইলিয়াসের সঙ্গেই! সে লড়াইয়ে জয় শুধু ম্যান অব দ্য ম্যাচ ইলিয়াসেরই এল না, জয়ের অনুভূতি পেল কখনো ঢাকা, কখনো বরিশালের দিকে হেলে পড়া দর্শকেরাও। ম্যাচ শেষে যে এটা অনেকটাই স্পষ্ট, ৫ লাখ টাকার শিরোপা জেতা ঢাকা কিংবা আড়াই লাখ টাকা পুরস্কার পাওয়া রানার্সআপ বরিশালের নয়, তারা আসলে ভালো ক্রিকেটেরই সমর্থক।