শিরোপা ফেরত চান ফার্গুসন
যেকোনো মূল্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ফেরত চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসন। জানিয়ে দিয়েছেন, আসন্ন মৌসুমে প্রিমিয়ারশিপ ওল্ড ট্র্যাফোর্ডে ফেরত আনাই তাঁর অগ্রাধিকার। স্যার আলেক্স ফার্গুসন এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। ডারবানে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেছেন, ‘নতুন মৌসুমে গত মৌসুমের হতাশাটা কাটিয়ে উঠতে চাই।’ ম্যানচেস্টার ইউনাইটেড আজ বুধবার দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের দল আমাজুলু এফসির বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামবে। দক্ষিণ আফ্রিকায় অবশ্য পূর্ণশক্তির দল নিয়ে যেতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরো চ্যাম্পিয়নশিপের পর থেকে ‘ছুটি’তে আছেন ওয়েইন রুনি। অলিম্পিকে আছেন রায়ান গিগস। ইনজুরির কারণে অধিনায়ক নেমেনজা ভিদিচও দক্ষিণ আফ্রিকা যাননি। সব মিলিয়ে আমাজুলুর বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড বড্ড বেশি ‘ম্রিয়মাণ’। ডারবানের মোসেস মাভিদা স্টেডিয়ামের দর্শকদের সঙ্গে ব্যাপারটি প্রতারণা কি না, এমন প্রশ্নের জবাবে ফার্গুসন বলেন, অতীতেও ম্যানচেস্টার ইউনাইটেড যখন তরুণ খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছে, তখন এ ধরনের কথা উঠেছে। অনেক আগে একজন ব্রিটিশ সাংসদ ম্যানচেস্টার ইউনাইটেডের নবীন এক দল দেখে আমাদের বিপক্ষে প্রতারণার অভিযোগ এনেছিলেন। কিন্তু তিনি জানতেন না যে তিনি ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান তরুণদের খেলতে দেখছেন। দক্ষিণ আফ্রিকায় যদিও আমরা তরুণদেরই মাঠে নামাচ্ছি, কিন্তু এটা বলতে পারি, তাঁরা সবাই ভালো খেলোয়াড়।নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে কোনোভাবেই তাঁর দলের সমকক্ষ হিসেবে মেনে নিতে চান না ফার্গুসন। গতকালের সংবাদ সম্মেলনেও সাংবাদিকেরা এ ব্যাপারে প্রশ্ন করে ফার্গুসনকে তাতিয়ে দিতে চেয়েছেন। সাংবাদিকদের ফাঁদে ফার্গুসন অবশ্য পা দিয়েছেন নিজের মতের পক্ষে একগাদা যুক্তি উপস্থাপন করে। ফার্গুসন বলেন, ২০ বছর ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড হয় ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ হয়েছে। অতীতে অন্য দল শিরোপা জেতার পরের মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড ফিরেছে খুব শক্তিশালীভাবে। আমাদের ইতিহাসও তা-ই বলে। ওয়েবসাইট।