শিরোপা-বুভুক্ষু বার্সেলোনা
২০০৯ সালে গড়েছিল বছরে সর্বোচ্চ ৬টি শিরোপা জয়ের রেকর্ড। নিজেদের সেই রেকর্ডটা ছোঁয়া যায়নি, তবে পরশু সান্তোসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জেতা ক্লাব বিশ্বকাপের শিরোপাটি ২০১১ সালে বার্সেলোনার পঞ্চম শিরোপা। পেপ গার্দিওলা বার্সার মূল দলের দায়িত্বে আছেন সাড়ে তিন বছর। এই সময়ে যে ১৬টি শিরোপা জেতা সম্ভব ছিল, গার্দিওলা তাঁর ১৩টিই উপহার দিলেন ক্লাবকে। তার পরও বার্সেলোনার শিরোপা-ক্ষুধাটা আগের মতোই তীব্র। জাপানে ক্লাব বিশ্বকাপ জিতে দেশের বিমানে ওঠার আগেই গার্দিওলা দৃষ্টি ফিরিয়েছেন লিগ এবং চ্যাম্পিয়নস লিগের দিকে।এল ক্লাসিকো জিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে ক্ষণিকের জন্য লিগ শীর্ষে উঠেছিল বার্সেলোনা। কিন্তু ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগের রাতে সেভিয়াকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকেই বড়দিনের ছুটিতে গেছে রিয়াল। গার্দিওলা কষছেন অন্য অঙ্ক, ‘আমরা ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী। এটা আমার জন্য বিস্ময়করই হবে যদি এখনই আমরা লড়াই থেকে সরে দাঁড়াই।’গার্দিওলার শিরোপা-স্বপ্নকে নতুন করে রাঙিয়ে দিয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে দলের পারফরম্যান্স। সান্তোসের বিপক্ষে ফাইনালে বার্সার প্রথম একাদশের নয়জনই ছিলেন বার্সেলোনার যুব একাডেমি ‘লা মাসিয়ার’ খেলোয়াড়। মেসি-জাভি-ফ্যাব্রিগাস—গোলদাতা তিনজনই। তারুণ্যনির্ভর সান্তোসের বিপক্ষে মেসি-জাভিরা যেন সুরের মূর্ছনা ছড়িয়ে দিয়েছিলেন মাঠে। মুগ্ধ গার্দিওলা বলছেন, তাঁর খেলোয়াড়েরা একেকজন মাঠে হয়ে উঠেছিলেন শিল্পী, ‘প্রথমার্ধটা ছিল চমৎকার। আমরা মহান শিল্পীর মতো খেলেছি। আমার খেলোয়াড়েরা মনে আঁকা ছবিটাই ফুটিয়ে তুলেছে। ম্যাচের ফলই এটা বলছে। লিও (মেসি) ছিল নিখুঁত।’গার্দিওলা তাঁর ‘মাঠের শিল্পীদের’ ধন্যবাদই জানিয়েছেন, ‘আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি এবং পুরো বিশ্বই তা দেখেছে। আমি কেবল আমার বিস্ময়কর খেলোয়াড়দের অভিনন্দন জানাতে পারি।’ম্যাচের আগে নেইমারের সান্তোসের সম্ভাবনাও দেখছিল অনেকে। কিন্তু মেসি-জাভিদের কাছে পাত্তা পায়নি ব্রাজিলিয়ান ক্লাবটি। দুই গোল করে জয়ে নেতৃত্ব দেওয়া মেসি বলছেন, ‘আমরা তাদের কোনো সুযোগই দিইনি।’ স্কোরলাইনটাই অবশ্য মেসির হয়ে কথা বলে।সান্তোস কোচ মুরিসি রামালহোরও সমর্থন পেয়েছেন মেসি। একবাক্যে বার্সেলোনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে সান্তোস কোচ বলেছেন, ‘আমরা মনে করছি না এটা পরাজয়। বার্সেলোনার কাছে পরাজয়ে কোনো দুঃখ নেই। তাদের মানই পার্থক্য গড়ে দিয়েছে। আমরা বার্সেলোনার খেলোয়াড়দের থামানোর চেষ্টা করেছি। কিন্তু এটা ছিল কঠিন। আমার মনে হয় না কেউ তাদের হারাতে পারে।’মেসি সেরা নাকি নেইমার—এই প্রশ্নেরও গুরুত্ব নেই রামালহোর কাছে। আর্জেন্টাইন জাদুকরের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন তিনি, ‘মেসিই সেরা, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ভবিষ্যতে নেইমারও সেরা হবে।’ নেইমারও মেনে নিয়েছেন বার্সেলোনার শ্রেষ্ঠত্ব, ‘বার্সেলোনা সান্তোসের অনেক ওপরে। এর বেশি কিছু বলার নেই আমার। ফলটা আমাদের মানতেই হবে। এটা ছিল আমার জন্য বড় এক শিক্ষা।’ এএফপি।