স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে কাঁিপয়ে দিয়েছিল ফেনী সকার। নির্ধারিত সময় দূরে থাক, অতিরিক্ত সময়েও ফেনী সকারের জালে গোল দিতে পারেনি সাদা-কালোরা। শেষ পর্যন্ত পেনাল্টি ভাগ্যে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডানই। স্বাধীনতা কাপের পর উল্টো একটু একটু করে নিষ্প্রভ হয়ে পড়েছে ফেনী সকার। তার পরও কাল প্রথমেই গোল করে এগিয়ে যাওয়া ফেনীকে দেখে মনে হয়েছিল, হয়তো প্রতিশোধ নেবে লিগের ফিরতি পর্বের এই ম্যাচে। কিন্তু ৩-২ গোলে ফেনীকে হারিয়ে শেষ হাসি মোহামেডানেরই৷
২১ মিনিটে ম্যাথু মেন্ডির গোলে এগিয়ে যায় সকার। মিনিট পনেরো পর ড্যামিয়েনের কর্নার থেকে হেডে সমতা আনেন হেনরি। বিরতির পরপরই তপু বর্মণের দারুণ এক কোনাকুনি শট শূন্যে বাঁক খেয়ে এগিয়ে দিল মোহামেডানকে৷ তারপর এমিলির টোকায় ৩-১। শেষ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়েছেন বিদ্যুৎ।
কোচ রুই ক্যাপেলা ছুটি নিয়ে পর্তুগালে যাওয়ার পর এটি মোহামেডানের টানা দ্বিতীয় জয়। পয়েন্ট টেবিলে মোহামেডানের অবস্থা একটু ভদ্রস্থ দেখাচ্ছে—১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয়৷ সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল, এক ম্যাচ বেশি খেলে আবাহনীর ৩৪৷ এই অবস্থায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাই যায় এবং কালকের জয়ে মোহামেডান সেই মৃত স্বপ্ন আবার পুনরুজ্জীবিত দেখছে৷ টানা দুই ড্রয়ের পর হেরে হতাশ সকার৷ ১৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে অবনমনের চোখ রাঙানি ভালোই দেখছে দলটি৷