বছর ঘুরেছে। বদলেছে ফাইনালের ভেন্যু। মাঠের মুখগুলোও এক নেই। কিন্তু স্পেন-ইতালির আরেকটি ইউরোপিয়ান ফাইনাল সাক্ষী হলো সেই পরিচিত দৃশ্যের। স্প্যানিশ তরুণদের জয়োল্লাসের পাশে ইতালিয়ানদের মাথা হেঁট আরেকবার ৪ গোল খাওয়ার লজ্জায়। কিয়েভের গত ইউরো ফাইনালের মতোই পরশু জেরুজালেমে ইতালির জালে ৪ বার বল পাঠিয়ে অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান ফুটবল জিতেছে স্পেন। এবার অবশ্য ইতালির তরুণ দলটি ২টি গোল করতে পেরেছে। অধিনায়ক থিয়াগো আলকানতারার হ্যাটট্রিকের পাশে গোল করেছেন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের চোখে পড়া মালাগা মিডফিল্ডার ইসকো। ৪-২ গোলে জয়ী স্পেনের অনূর্ধ্ব-২১ দলটি সিনিয়র দল ও অনূর্ধ্ব-১৯ দলের মতো টানা দুবার হলো ইউরোপ-সেরা। বড়রা যখন ব্রাজিলে একমাত্র অধরা ট্রফিটি জয়ের অভিযানে, চতুর্থবারের মতো ইউরোপ জয় করে ছোটরা যেন বার্তা দিল, ইউরোপীয় ফুটবলে ‘স্প্যানিশ বিপ্লব’ সহজেই শেষ হবে না।টুর্নামেন্টজুড়েই দারুণ খেলেছে স্পেনের তরুণেরা। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচই জেতা দলটি প্রথম গোল খেয়েছে ফাইনালে। ৬ মিনিটে বার্সেলোনার আলকানতারার গোলে এগিয়ে যাওয়ার ৪ মিনিট পর স্পেনের জালে প্রথমবারের মতো বল পাঠান ইতালির চিরো ইমোবাইলে। এরপর ৩১ ও ৩৮ মিনিটে দুই গোল করে প্রথমার্ধেই স্পেনকে ৩-১ গোলে এগিয়ে দেন আলকানতারা। একই সঙ্গে হ্যাটট্রিকও পেয়ে যান ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার মাজিনহো-তনয়, ১৯৯৪ সালে এক ম্যাচের ফাইনাল চালুর পর প্রথম হ্যাটট্রিক। ৬৬ মিনিটে আরেকটি পেনাল্টি (আলকানতারার তৃতীয় গোল পেনাল্টি থেকে) গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ইসকো। ৭৯ মিনিটে বোরিনির গোলে এরপর শুধু ব্যবধানই কমিয়েছে ইতালি। শুধু জয় নয়, কোচ হুলেন লোপেতেগুই মুগ্ধ খেলোয়াড়েরা যেভাবে জিতেছে সে কারণেও, ‘দুই বছর আগে আমরা সুখী ছিলাম, সুখী এবারও। তবে এটা শুধু জয়ের কারণেই নয়, দলটা যেভাবে নিজেদের তুলে ধরেছে সে কারণেও। আমি মনে করি এই দলটার সবার ব্যক্তিত্ব, মান ও আচরণ একটা উদাহরণ।’ এএফপি।