
যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। এবারের পর্বে থাকছে ১৯৬৬ বিশ্বকাপ
বিশ্বকাপ ফুটবল শুধু মাঠে খেলেই ছিনিয়ে নিতে হয় এমনটাই না, বিশ্বকাপ চুরিও যায়!
সত্যি গিয়েছিল! ’৬৬-এর ফাইনালে ওয়েম্বলির মাঠে ইংল্যান্ড ছিনিয়ে নেওয়ার আগে কাপ একদফা চুরিও হয়েছিল। যে সোনার হরিণের ছোঁয়া পেতে পুরো চার বছর চলে সীমাহীন প্রস্তুতি আর মাসব্যাপী মাঠের হাড্ডাহাড্ডি লড়াই, তাই কিনা চলে গেল চোরের পোঁটলায়! লন্ডনের একটি প্রদর্শনী থেকে চুরি যাওয়া পরম আরাধ্য ট্রফির খোঁজে রীতিমতো হইচই পড়ে গেল গোটা ইংল্যান্ডজুড়ে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের তো বটেই ব্রিটিশ সরকারেরও তখন ‘মাথা নষ্ট’ অবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও যে ট্রফি সুরক্ষিত ছিল, সেটাই কিনা ইংল্যান্ডে এসে চুরি হয়ে গেল! ব্রিটিশ জাত্যাভিমানেরও তখন যায়-যায় অবস্থা।
ফিফা আর কী করবে! বিশ্বকাপটা তো আয়োজিত হতে হবে। ‘প্ল্যান বি’ হিসেবে তারা একটি রেপ্লিকা ট্রফি বা নকল ট্রফি বানিয়ে রাখল। কিন্তু হইচই, জল্পনা-কল্পনা কিংবা উত্কণ্ঠা—যা-ই বলা হোক না কেন, সবকিছু থেকে মুক্তি দিল একটি কুকুর। ব্রিটিশ পুলিশ যা পারেনি, সেটাই করে দেখায় ‘পিকেলস’ নামের ওই কুকুর। চুরি যাওয়া বিশ্বকাপ ট্রফি ফিরে পাওয়া যখন সুদূর-পরাহত এক ব্যাপার মনে করা হচ্ছে, ঠিক তখনই রাস্তার পাশের একটি ঝোপ থেকে পুরোনো সংবাদপত্রে মোড়ানো অবস্থায় পিকেলস আবিষ্কার করে সেই বিখ্যাত ট্রফি। ছেষট্টির বিশ্বকাপ নিয়ে কথা হবে কিন্তু পিকেলসের নাম নেওয়া হবে না, তা কী করে হয়! ছেষট্টির বিশ্বকাপের অন্যতম নায়ক তো পিকেলসই।
মূল পর্বে খেলার জন্য এশিয়ান আর অফ্রিকানদের পরস্পরের সঙ্গে প্লে-অফ খেলার অদ্ভুতুড়ে নিয়মের প্রতিবাদে আফ্রিকানরা সেবারের বিশ্বকাপ বয়কট করেছিল আগেই। বাছাইপর্বে তার পরও সেবার খেলেছিল ৭০টি দল। বিশ্বকাপের এশিয়ার প্রতিনিধি উত্তর কোরিয়ার আবির্ভাব বিশ্বের জন্য তুলে রেখেছিল বেশ কিছু চমক। ইতালিকে ১-০ গোলে হারিয়ে উত্তর কোরিয়া জন্ম দেয় বিশ্বকাপের আলোচিত এক অঘটনের।
কোরিয়ার কাছে হার ইতালিয়ানদের কাছে ছিল এক দুঃস্বপ্নের মতোই। দেশে ফেরার সময় বিমানবন্দরে দেশের মানুষ তাদের ‘অভ্যর্থনা’ জানিয়েছিল পচা টমেটো ছুড়ে।
কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলতে থাকা পর্তুগালের সঙ্গে কোরিয়ানদের সেই আট গোলের থ্রিলার তো ইতিহাসেরই অনন্য এক ম্যাচ। পরপর ৩ গোলে ২৫ মিনিটেই ৩-০তে এগিয়ে থাকা উত্তর কোরিয়ার জন্য খেলার শেষ বাঁশি বেজেছিল ৫-৩ গোলে পরাজয়ের এক অভূতপূর্ব বিস্ময় হয়ে। গোটা বিশ্বের জন্য বিস্ময়ের নামটা ছিল ইউসেবিও। দুই অর্ধে দুটো করে পরপর ৪ গোল করে কোরিয়ানদের রীতিমতো বাকরুদ্ধ করে ঘরে ফিরিয়েছিলেন ‘কালোচিতা’খ্যাত ইউসেবিওই।
পেলের জন্য এই বিশ্বকাপও ছিল দুঃস্বপ্ন। তাঁকে আটকাতে যে মারধর ছাড়া গতি নেই, সেটা বাষট্টির মতো ছেষট্টিতেও দলগুলো মাথায় নিয়ে এসেছিল। বুলগেরিয়ার সঙ্গে ১৫ মিনিটেই এক গোল করার পর বাজেভাবে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছিল কালো মানিককে আরও একবার। সেই ম্যাচটি ২-০ গোলে জিতে এলেও পরের দুটো ম্যাচের দুটিতেই ৩-১ গোলে হেরে বিশ্বকাপ জয়ের হ্যাট্রিকের স্বপ্ন ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ানদের। বিশ্বকাপে অভিষিক্ত পর্তুগিজদের স্বপ্ন তখন উড়ছে ইউসেবিওর দুর্দান্ত পায়ে ভর করে।
ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে—এমন ভবিষ্যদ্বাণী সে সময় করেননি কোনো দুঃসাহসী জ্যোতিষীও। আলফ রামসের হাতে গড়া ইংলিশ দল অবশ্য অন্যরকম মনে হচ্ছিল প্রথম থেকেই। ৪-২-৪ ফরম্যাট পরিবর্তন করে রামসের ৪-৪-২ ফরম্যাটের নতুন দাওয়াই এতটাই জনপ্রিয় হয়েছিল যে ইংলিশ লিগের দলগুলোতে তা আজ অবধি চলে আসছে। কোয়ার্টার ফাইনালে চিরশত্রু আর্জেন্টাইনদের সঙ্গে ইংলিশরা মুখোমুখি হয় কুখ্যাত এক ম্যাচে, জিওফ হার্স্টের একমাত্র গোল ছাড়া সেই ম্যাচে ফুটবলীয় ছাপ খুব কমই ছিল। আর্জেন্টাইনদের আক্রমণাত্মক আচরণ রুখতে ব্রিটিশ পুলিশকে ঢুকতে হয়েছিল মাঠে। ম্যাচ শেষে ইংলিশ কোচ প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল করতে অস্বীকৃতি জানান, এমনকি পরবর্তী সময়ে আর্জেন্টাইনদের তিনি ‘অ্যানিমেল’ হিসেবেও অভিহিত করেছিলেন। এই ম্যাচ নিয়ে আর্জেন্টাইনদের ভাবনা কিন্তু মোটেও ইংলিশদের মতো নয়, ম্যাচটি তাদের কাছে এখনো ‘শতাব্দীর সেরা ডাকাতি’ হিসেবেই পরিচিত।
উড়তে থাকা ইউসেবিওর পর্তুগালকে সেমিফাইনালে মাটিতে নামিয়ে এনেছিল ব্রিটিশরাই। তৃতীয় হিসেবে শেষ করা সেই পর্তুগাল দল অবশ্য এখনো সমাদৃত বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে, ৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ইউসেবিও তো স্থান করে নিলেন সর্বকালের সেরাদের তালিকায়। সেমিফাইনালের অপর ম্যাচে টুর্নামেন্টজুড়েই ট্রফির আশাজাগানো সোভিয়েতদের শেষ চার থেকেই ফিরিয়ে দেয় পশ্চিম জার্মানি।
ফাইনালে ববি মুরের ইংল্যান্ড পশ্চিম জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েছিল ১২ মিনিটেই। সাত মিনিট পর সমতা ফেরান হার্স্ট। প্রথমার্ধ শেষ হয়েছিল এই সমতাতেই। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে শিরোপার পথে এক পা এগিয়ে গেল ইংল্যান্ডই। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে জার্মানির ওয়েবারের সমতাসূচক গোলে নাটকীয় এই ফাইনাল দীর্ঘায়িত হলো আরও ৩০ মিনিটের জন্য।
তারপর অতিরিক্ত সময়ের ১১ মিনিটের মাথায় হার্স্টের সেই গোল, যা পরবর্তী সময়ে হাজারো ফুটবলবোদ্ধাকে করেছে দ্বিধাবিভক্ত, জার্মানদের করেছে শোকাভিভূত। হার্স্টের শট বারে লেগে গোললাইন ছুঁয়ে ফিরে আসে। রেফারি আর লাইন্সম্যানের চোখে সেটা গোলের মর্যাদা পেলেও সেদিন টিভি সেটের সামনে বসা ৪০০ মিলিয়ন দর্শকের তর্কাতর্কি থামেনি কখনোই। বিতর্ক শেষে মাঠের খেলা যখন শুরু হলো, ইংলিশদের তখন বাকি ১৯ মিনিট সময় কোনমতে কাটিয়ে দিলেই চলে। এক গোলে পিছিয়ে থাকা জার্মানদের রক্ষণভাগের সবাই আক্রমণভাগে উঠে এসে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল বাঁশি বাজার আগে আগে, জিওফ হার্স্ট সেই সুযোগটা নিয়ে নিলেন ভালোমতোই, ববি মুরের বিরাট এক পাসে জার্মানদের খালি রক্ষণভাগের বেশ খানিকটা দূর থেকেই শট নিয়ে জালে বল জড়ালেন এবার। বিতর্ক ও রুদ্ধশ্বাসে ভরা ফাইনাল শেষ হলো ইংলিশদের অবিসংবাদিত ৪-২ গোলের জয়ে!
আধুনিক ফুটবল কিন্তু হার্স্টের ওই গোললাইন ছুঁয়ে আসা শটকে গোলের মর্যাদা দেয়নি কখনোই। ইংল্যান্ডের কাছে ওই বিতর্কিত গোলই হয়ে আছে শিরোপার পথে একমাত্র যাত্রার সোনালি পদরেখা। ন্যাড়া বেলতলায় আবারও গিয়েছিল কি না জানা নেই, ইংলিশদের বিশ্বকাপ ট্রফির পথ মাড়ানো যে হয়নি আর কখনোই, সেটা কিন্তু নির্মতায় ভরা এক সত্য কথনই।