শিরোপা-স্বপ্ন ঊষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিমন, হাবুল, কৃষ্ণ, চয়ন, তাপসরা কাল নাম লেখালেন ঊষায়  প্রথম আলো
রিমন, হাবুল, কৃষ্ণ, চয়ন, তাপসরা কাল নাম লেখালেন ঊষায় প্রথম আলো

গত মৌসুমে জাঁকজমকভাবে হকির দলবদল করেছিল মোহামেডান। সমর্থক, কর্মকর্তাদের সঙ্গে ফুলে সাজানো গাড়িতে অনেক আনন্দ করে তিনিও এসেছিলেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দলবদলের উত্তেজনা, আনন্দ আর টুকরো টুকরো স্মৃতি এত দিন সঙ্গী ছিল মামুনুর রহমানের (চয়ন)। কখনোই পেশাদার হকি খেলতে পারবেন না এমনটা জেনেই গত মৌসুমের পর নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু আবারও দলবদল করলেন এই ডিফেন্ডার। ফেডারেশনের বারান্দায় কাল সন্ধ্যায় অন্যদের চেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত দেখা গেল জাতীয় দলের অধিনায়ককে।

লিগের বাইলজ সংশোধন করে সার্ভিসেস দলের খেলোয়াড়দের এবার খেলার সুযোগ করে দিয়েছে ফেডারেশন। চয়ন ছাড়াও নৌবাহিনীর কৃষ্ণ কুমার, তাপস বর্মণ, রিমন কুমার ও জাহিদ খেলবেন ঊষা ক্রীড়াচক্রের হয়ে। দলবদলের শেষ দিনের আনুষ্ঠানিকতা সেরে কাল প্রথমেই চয়ন ধন্যবাদ দিলেন নৌবাহিনীর কর্মকর্তাদের, ‘স্যারদের অনেক ধন্যবাদ, আমাকে আবারও লিগে খেলার সুযোগ দিয়েছেন।’

গত মৌসুমে মোহামেডানের হয়ে ২৩ গোল করেছিলেন চয়ন। সাদা-কালোরা হয়েছিল চ্যাম্পিয়ন। পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছিলেন লিগের সেরা খেলোয়াড় হয়ে। এবার ঊষাকেও চ্যাম্পিয়ন করতে চান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। নৌবাহিনীতে খেলা জাতীয় দলের খেলোয়াড়েরা ছাড়াও এবার ঊষায় যোগ দিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুল, বিকেএসপির একঝাঁক উদীয়মান খেলোয়াড়। ঊষার হকি ম্যানেজার রফিকুল ইসলাম কামালের চোখ শিরোপায়। গত মৌসুমে পাকিস্তানি কোচ তাহির জামানকে এনেও ঊষা হয়েছিল রানার্সআপ। জিতেছিল শুধু ক্লাব কাপ। এবার তাই দেশি কোচই তাদের পছন্দ।