শিরোপা হাতছাড়া মেওয়েদারের!
১ কোটি ৫৫ লক্ষ টাকা মাত্র! না কোনো ব্যাংকের চেকবইয়ের পাতার জন্য 'মাত্র' লেখা হয়নি। মুষ্টিযোদ্ধা ফ্লয়েড মেওয়েদারের জন্য তো অঙ্কটা আসলে সামান্যই। কিন্তু সামান্য কিছু টাকার জন্য নিজের ডব্লিউবিও ওয়েল্টারওয়েট শিরোপা খোয়াতে হলো তাকে। খুব বেশিদিন হয়নি, এইতো ২ মে লাস ভেগাসে ম্যানি প্যাকিয়াও এর সঙ্গে লড়েই শিরোপাটা বগলদাবা করেছিলেন মেরিওয়েদার। যে লড়াইয়ে জিতে তিনি আয় করেছিলেন ১৭১১ কোটি ৬০ লক্ষ টাকা!
ডব্লিউবিও এর নিয়মানুযায়ী মুষ্টিযোদ্ধাদের লড়াইয়ের আয়ের ৩ শতাংশ বা সর্বোচ্চ ২ মিলিয়ন ডলার কমিশন দিতে হয়। মেওয়েদারের সমস্যাটা ওখানেই। তিনি যে এই ২ মিলিয়ন ডলার দিতেই গড়িমসি করেছেন। গত শুক্রবার ছিল এই কমিশন জমা দেওয়ার শেষ সময়। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায় বিশ্ব বক্সিং সংস্থা মেওয়েদারের কাছ থেকে শিরোপা কেড়ে নিতে বাধ্য হলো। মেওয়েদার ডব্লিউবিও'র আরেকটা নিয়ম লঙ্ঘন করেছেন। সেটা অবশ্য আরেকটু গুরুতর। ডব্লিউবিও এর এই নিয়মে একজন বক্সার ২টি ওজন সীমায় খেলতে পারেন না। কিন্তু মেওয়েদার ডব্লিউবিসি আর ডব্লিউবিএ এই দুই সংস্থার ওয়েলটারওয়েট (১৪৭ পাউন্ড) এর পাশাপাশি জুনিয়র মিডল ওয়েট (১৫৪ পাউন্ড) এরও বিশ্ব শিরোপা জয়ী।
এর আগে মেয়েওয়েদার জুনিয়রকে তাঁর ১৫৪ পাউন্ড ওজন সীমার শিরোপা ফেরত দেওয়ার অনুরোধ জানায় এই সংস্থা। কিন্তু তাঁর প্রতিনিধিরা কোনো জবাব না দেওয়ায় ডব্লিউবিও এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
মেওয়েদার অবশ্য নিজের সব শিরোপার দাবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন! নতুনদের সুযোগ দেওয়ার জন্যই নাকি তাঁর এই সিদ্ধান্ত!
‘আমি জানি না এই সোমবার নাকি আগামী কয়েক সপ্তাহে কাজটা করব’, প্রেস কনফারেন্সে বললেন মেওয়েদার, ‘কি করা উচিত সেটা নিয়ে আমার সবার সঙ্গে বসতে হবে, নতুনদেরও তো সুযোগ দেয়া উচিত।’
মাঝখান থেকে লাভ হলো টিমোথি ব্র্যাডলির। মেওয়েদারের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়ায়, এখন শিরোপার নতুন দাবিদার যে আমেরিকান এ বক্সারের। গত ২৭ জুন জেসি ভার্গাসকে হারিয়ে ওয়েলটারওয়েট ওজন সীমায় অন্তর্বর্তী শিরোপা জিতে নিয়েছেন তিনি। তাই নিয়মানুযায়ী ওয়েলটারওয়েট এর বিশ্ব শিরোপা এখন তাঁরই প্রাপ্য। তথ্যসূত্রঃ এএফপি।