শিরোপার আরও কাছে ইউনাইটেড
স্যার অ্যালেক্স ফার্গুসন এখন শিরোপার সুবাসটা পাচ্ছেন তীব্রভাবেই। কিউপিআরকে ২-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল সিটি চেলসিকে ২-০ গোলে হারিয়ে ব্যবধানটা ১২-তে নামিয়ে এনেছে। চ্যাম্পিয়নস লিগে ভরাডুবির ধাক্কা সামলে আর্সেনাল আবার জয়ের ধারায় ফিরেছে তলানির দল অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে। তবে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ যথারীতি দুর্বার, ভেরডার ব্রেমেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান পরাশক্তিরা। কখনো কখনো প্রাপ্তির আনন্দ ম্লান হয়ে যায় মূল্যবান কিছু হারানোর বেদনায়। গত পরশু কিউপিআর-ইউনাইটেড ম্যাচে ২২ মিনিটে রবিন ফন পার্সির শট কিউপিআর গোলরক্ষক হুলিও সিজার ফিরিয়ে দিয়েছিলেন, ফিরতি বলটিই দুর্দান্ত শটে জালে জড়িয়ে দেন ইউনাইটেড রাইটব্যাক রাফায়েল। কিন্তু শট নেওয়ার পর টাল সামলাতে না পেরে আলোকচিত্রীর ক্যামেরার ওপর পড়ে যান পার্সি। এই চোট তাঁকে বিরতির ৪ মিনিট আগে ঠেলে দেয় মাঠের বাইরে।৫ মার্চ রিয়ালের সঙ্গে মহারণ, পার্সির চোট তাই ফার্গির জন্য উদ্বেগের। ফার্গুসন অবশ্য আশায় বুক বাঁধছেন, ‘এটা কোমরের চোট, হয়তো এটা মৃদুই। দিন কয়েকের বেশি ভোগাবে না। আশা করছি সে ঠিক হয়ে যাবে, বিশেষ করে রিয়ালের ম্যাচের আগে।’প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে গোল করলেন রায়ান গিগস। গত পরশুর ম্যাচটা ছিল তাঁর ক্যারিয়ারের ৯৯৯তম ম্যাচ। ফার্গি আবারও করেছেন গিগস-বন্দনা, ‘সে আবার এটা করল, অসাধারণ এক মানুষ সে।’এফএ কাপে ব্ল্যাকবার্নের কাছে হার, চ্যাম্পিয়নস লিগেও একই পরিণতি। গত সপ্তাহটা আর্সেন ওয়েঙ্গারেই ক্যারিয়ারেই সবচেয়ে কঠিন সপ্তাহগুলোর একটি ছিল। পরশুর জয়ে সেই চাপটা একটু হলেও কমেছে। স্প্যানিশ মিডফিল্ডার সান্তি কাজোরলার জোড়া গোলেই জিতেছে আর্সেনাল। দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর শিষ্যদের পিঠ চাপড়ে দিয়েছেন আর্সেনাল কোচ, ‘আমি দলকে নিয়ে গর্বিত। আমরা একটা কঠিন সময় পার করে একসঙ্গে ঘুরে দাঁড়িয়েছি।’ চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নটা একটু রঙিন করল এই জয়, চতুর্থ স্থানে থাকা টটেনহামের সঙ্গে আর্সেনালের ব্যবধান এখন ১ পয়েন্ট। এই সপ্তাহেই ডর্টমুন্ডের সঙ্গে জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল। সেজন্যই চ্যাম্পিয়নস লিগে আর্সেনালকে গুঁড়িয়ে দেওয়া দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছিলেন ইয়ুপ হেইঙ্কেস। তার পরও অদম্য বায়ার্ন মিউনিখ। ১০ জনের ব্রেমেনকে গুনে গুনে দিয়েছে ৬ গোল। এএফপি।