শিরোপার আরও কাছে ইউনাইটেড
প্রথম একাদশ দেখে অনেকেই হয়তো ভড়কে গিয়েছিল। দলে নেই এভরা, ক্লেভারলি, ওয়েলবেক, নানি। রুনি ও হার্নান্দেজ এমনকি বদলি তালিকাতেও নেই। তবে কি মতিভ্রমই হলো স্যার অ্যালেক্স ফার্গুসনের? না, সান্ডারল্যান্ডের সঙ্গে কাল ইচ্ছা করেই খর্বশক্তির দল নামিয়েছিলেন। আগামীকালই যে চেলসির সঙ্গে এফএ কাপের শেষ আটের মহারণ। তুরুপের তাসদের বিশ্রাম দেওয়াটা তাই দরকারই ছিল। তাতেও অবশ্য সমস্যা হয়নি, সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। ফলে দুই নগরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে পয়েন্টের ব্যবধান থাকল আগের সেই ১৫-ই। আন্তর্জাতিক বিরতির কারণেই হোক বা রুনিদের অনুপস্থিতির কারণে, ঠিক ছন্দে ছিল না ইউনাইটেড। একমাত্র গোলটাও এসেছে অনেকটা ভাগ্যগুণে। ২৭ মিনিটে রবিন ফন পার্সির শট সান্ডারল্যান্ড ডিফেন্ডার টাইটাস ব্রাম্বলের ঊরুতে লেগে ঢুকে যায় জালে। কে জানত ওই আত্মঘাতী গোলটাই হবে ম্যাচের ভাগ্যনির্ধারক! মজার ব্যাপার, লিগে ইউনাইটেডের সঙ্গে এ নিয়ে ছয়টি আত্মঘাতী গোল হয়ে গেল সান্ডারল্যান্ডের। নির্দিষ্ট কোনো ক্লাবের বিপক্ষে এত বেশি আত্মঘাতী গোলের রেকর্ড নেই আর কোনো ক্লাবের। কালকের জয়ে দারুণ একটা মাইলফলকও ছুঁয়ে ফেলেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর প্রথম ক্লাব হিসেবে জিতেছে ৩০টি ম্যাচের ২৫টিতেই। গত ডিসেম্বর থেকেই লিগে অপরাজিত ইউনাইটেড, গোল খায়নি টানা ছয় ম্যাচ। ওয়েবসাইট।ঠিক ইউনাইটেড-সুলভ খেলতে পারেনি বটে, তবে জয়ের ব্যবধানটা আরেকটু বড় হতেই পারত। ৮০ মিনিটে লেফটব্যাক বাটনারের দারুণ একটা শট ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক মিনোলেট। ম্যাচের অন্তিম সময়ে আবারও বাধা হয়ে দাঁড়ান সেই মিনোলেটই। সিটির হয়ে গোল করেছেন তেভেজ, ডেভিড সিলভা, ভিনসেন্ট কোম্পানিও। অন্য গোলটি আত্মঘাতী। অন্য ম্যাচে আর্সেনাল ৪-১ গোলে রিডিংকে এবং টটেনহাম ২-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। তবে সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে গেছে চেলসি।