শিরোপার আরও কাছে ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের শিরোপার আরও কাছে চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচটি অবশ্য তারা জিততে পারেনি, কিন্তু এই ম্যাচ ড্র হওয়ায় ২০তম শিরোপাটা রেড ডেভিলদের দৃষ্টিসীমার মধ্যেই চলে এসেছে। ১৩ পয়েন্টে পিছিয়ে পয়েন্টতালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি যদি পরের ম্যাচে টোটেনহাম হটসপারের সঙ্গে হেরে যায়, তাহলেই শিরোপাটা নিজেদের বলে দাবি করতে পারবে স্যার আলেক্স ফার্গুসনের দল। ম্যানচেস্টার ইউনাইটেডের পরের ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে।ওয়েস্টহ্যাম অবশ্য কাল নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। দুই-দুইবার এগিয়ে গিয়েও অগ্রগামীতা ধরে রাখতে পারেনি তারা। খেলার ১৭ মিনিটেই ‘হ্যামার’রা এগিয়ে গিয়েছিল রিকার্ডে ভাজ টের গোলে। ৩১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান অ্যান্তোনীয় ভ্যালেন্সিয়া। ৫৫ মিনিটে আবার ওয়েস্টহ্যামকে এগিয়ে দেন মোহামেদ দিয়ামে। খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মানরক্ষা করেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি।এ মুহূর্তে ইংলিশ লিগে শিরোপার লড়াই ম্যাড়মেড়ে হয়ে গেলেও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইটা কিন্তু যথেষ্টই জমজমাট। ম্যানচেস্টার সিটি ইউনাইটেডের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও তৃতীয় ও চতুর্থ স্থানের লড়াইটা এখন রুদ্ধশ্বাস পর্যায়েই রয়েছে। টোটেনহাম হটসপার, চেলসি, আর্সেনাল ও এভারটনের যেকোনো দুটি দলই দখলে নিয়ে নিতে পারে তৃতীয় ও চতুর্থ স্থান। ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৮, চেলসির ৬১, আর্সেনালের ৬০, টোটেনহামের ৫৮ ও এভারটনের ৫৬। ম্যানচেস্টার সিটি, টোটেনহাম হটসপার ও চেলসি ৩২টি করে ম্যাচ খেললেও বাকিরা খেলে ফেলেছে ৩৩টি করে।আন্দ্রেস ভিয়াস-বোয়াসের টোটেনহাম হটসপার এক সপ্তাহ আগেও তৃতীয় স্থানের অন্যতম দাবিদার হলেও এক সপ্তাহে দৃশ্যপট বদলে গেছে অনেকটাই। ‘স্পার’রা হেরেছে লিভারপুল ও ফুলহ্যামের বিপক্ষে। ড্র করেছে এভারটনের সঙ্গে। এ তিনটি ম্যাচের ফলাফলই পরিস্থিতির লাগাম তুলে দিয়েছে আর্সেনাল ও চেলসির হাতে। টোটেনহামের ব্যর্থতার মুখে চেলসি ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। আর্সেনাল এক পয়েন্ট পিছিয়ে গেছে মঙ্গলবার এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করে। রয়টার্স।