শিরোপার আরও কাছে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ শিরোপা আর জুভেন্টাসের মাঝে দূরত্বটা এখন এমন, যেন হাত বাড়ালেই ট্রফিটা ছুঁয়ে ফেলা যাবে! দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে ছিল আগেই। পরশু লাৎসিওর বিপক্ষে জিতে আন্তোনিও কন্তের দল এগিয়ে গেছে ১১ পয়েন্টে। লিগে বাকি আর মাত্র ছয়টি ম্যাচ। তা থেকে ৮ পয়েন্ট পেলেই শিরোপা ধরে রাখা নিশ্চিত করে ফেলবে জুভেন্টাস। আগের দিন এসি মিলানের সঙ্গে ১-১ ড্র করে নাপোলি জুভদের পয়েন্ট ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। চ্যাম্পিয়নস লিগের পরাজয়ের ধাক্কা সামলে কন্তের দল সুযোগটা কাজে লাগিয়েছে দারুণভাবে। চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদালের জোড়া গোলে লাৎসিওকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৮ মিনিটে ভিদালের প্রথম গোলটি পেনাল্টি থেকে, এর ২০ মিনিট পরই করেন আবারও। গত নভেম্বরের পর এই প্রথম গোল করলেন ভিদাল। দারুণ এই জয়ে শিরোপার সুবাস নাকে লাগছে বটে; তবে ভিদাল পা রাখছেন মাটিতেই, ‘আমি আমার আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট। কিন্তু মৌসুম এখনো শেষ নয়।’ কোচ আন্তোনিও কন্তের কথা, ‘এই জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিরোপার পথে এটা আমাদের জন্য আরেকটি বিশাল ধাপ।’ এএফপি।