শিরোপার আরও কাছে ম্যানইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮০ মিনিট পর্যন্তও গোলের দেখা নেই। ম্যানচেস্টার সিটি হয়তো প্রার্থনাই করছিল ম্যাচের বাকি ১০টা মিনিটও যেন কাটে গোলহীন! আর গোল হলেও সেই গোলটা যেন হয় ম্যানইউর জালে! ব্ল্যাকবার্ন রোভার্স ম্যানইউকে হারালে কিংবা ড্রয়ে আটকে দিলে যে ম্যান সিটির ৪৩ বছর পর লিগ শিরোপা স্বপ্নটা উজ্জ্বল থাকে। কিন্তু সিটির প্রার্থনা ভাগ্যদেবীর দরবারে কবুল হয়নি। শেষ সময়ের দুই গোলে ব্ল্যাকবার্নের মাঠ থেকে জয় নিয়েই ফিরেছে ম্যানইউ। আর আন্তোনিও ভ্যালেন্সিয়া ও অ্যাশলি ইয়ংয়ের গোলে পাওয়া এই জয় শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে দিয়েছে ম্যানইউকে। ৩১ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৭৬, সিটির ৭১। এর অর্থ ম্যান সিটির শিরোপা স্বপ্ন এখন রং হারাল অনেকটাই। লিগে বাকি আর মাত্র সাত ম্যাচ। এই সময়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়া অনেক বড় ব্যাপার। ‘শিরোপা জিতে গেছি’—অভিজ্ঞ অ্যালেক্স ফার্গুসন এখনই এমনটা ভাবতে রাজি নন বটে, তবে স্বস্তির নিঃশ্বাসই তিনি ফেলছেন। শিরোপা জিতলে সেটি হবে ম্যানইউর ২০তম আর ওল্ড ট্রাফোর্ডে ফার্গুসনের ১৩তম লিগ শিরোপা। বাকি পথটায় ফার্গির এখন লক্ষ্য সামনের ম্যাচগুলোতে বেশি বেশি গোল করা! পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শেষ পর্যন্ত শিরোপা যদি নির্ধারিত হয় গোল ব্যবধানে!পয়েন্টে পিছিয়ে পড়লেও গোল ব্যবধানে ম্যান সিটি এখনো ১ গোলে এগিয়ে। ফার্গুসন তাই আগে থেকেই সতর্ক, ‘আমরা এখন বেশি গোল করছি (সিটির চেয়ে)। এটা একটা বড় পদক্ষেপ।’ গোল দুটি ছাড়া মাঠের খেলায় অবশ্য বোঝার উপায় ছিল না ব্ল্যাকবার্ন অবনমন এলাকার দল। ম্যানইউর রক্ষা যে, গোলরক্ষক ডেভিড ডি গেয়া গোলপোস্টে ছিলেন দুর্দান্ত। জুনিয়র হোইলেট, মারকাস ওলসন এবং গ্র্যান্ট হ্যানলির তিন তিনটি প্রচেষ্টা অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে ম্যানইউর পতন হতে দেননি। ম্যাচ শেষে তাই কোচের মুখে ডি গেয়ার উচ্চ্ছ্বসিত প্রশংসা, ‘প্রত্যেকেই বলতে পারেন, তার উন্নতিটা পরিষ্কার।’ ফার্গুসনের প্রশংসা পেয়েছেন ভ্যালেন্সিয়াও। ৮১ মিনিটে ম্যানইউকে প্রথম এগিয়ে দেন ইকুয়েডরের এই উইঙ্গার। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাশলি ইয়ং।