শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পরই টলোমলো হয়ে উঠেছিল লিভারপুলের শিরোপা জয়ের স্বপ্ন। প্রতিদ্বন্দ্বীদের সেই হোঁচটের খাওয়ার ফায়দা তুলতে কোনো ভুল হয়নি ম্যানচেস্টার সিটির। গতকাল অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও কাছাকাছি চলে এসেছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন এডিন ডেকো।
প্রিমিয়ার লিগে আর মাত্র একটি ম্যাচ বাকি আছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের। ৩৭ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। লিভারপুলের ঝুলিতে জমা হয়েছে ৮১ পয়েন্ট। শেষ ম্যাচে যদি লিভারপুল জয় পায় আর ম্যানচেস্টার সিটি ড্র করে তাহলে দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান হবে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শিরোপা জয়ের স্বাদ পেয়ে যাবে ম্যানচেস্টার সিটি। কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি অবশ্য এত জটিল হিসাব নিকাশের মধ্যে যেতে চান না। শেষ ম্যাচটাও জিতে বীরের মতোই হাতে তুলতে চান প্রিমিয়ার লিগ শিরোপা। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এখন আমরা শিরোপা নিয়ে কথা বলতে পারি। আজকের আগ পর্যন্ত আমি শুধু এই ম্যাচট জেতাার কথাই চিন্তা করছিলাম। এখন ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ ম্যাচটাও আমাদের জিততে হবে। শুধু ড্রয়ের কথা চিন্তা করলে হবে না। আমরা পুরো মৌসুমটা যেভাবে খেলেছি সেভাবেই খেলার চেষ্টা করব।’
নিজেদের মাঠে গতকাল অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারালেও গোলের দেখা পেতে অনেকক্ষণই অপেক্ষা করতে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। ৬৪ মিনিটে প্রথম গোলটি করেছিলেন ডেকো। ৭২ মিনিটে এই বসনিয়ান স্ট্রাইকারই ব্যবধান দ্বিগুন করেছিলেন। ৮৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেছেন বদলি হিসেবে নামা স্টিভান জভেটিচ। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে অ্যাস্টন ভিলার জালে আরও একবার বল জড়িয়েছিলেন ইয়াইয়া তোরে।
এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটিকে কখনোই দেখা যায়নি পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। শুরুতে বেশ কিছুদিন এক নম্বর অবস্থানটি ধরে রেখেছিল আর্সেনাল। এরপর শীর্ষস্থানের দখল নিয়েছিল চেলসি আর লিভারপুল। কিন্তু শেষপর্যায়ে সবাইকেই পেছনে ফেলে শিরোপার সুবাতাস পাচ্ছে ম্যানসিটি। মৌসুমটা তাই অদ্ভুতই ঠেকেছে কোচ পেলিগ্রিনির কাছে, ‘এটা খুবই বিস্ময়কর একটা মৌসুম কারণ আমরা কখনোই পয়েন্ট তালিকার শীর্ষে ছিলাম না। সবাই বলছিল আমরা ফেবারিট কিন্তু আমরা লিভারপুলের চেয়ে নয় পয়েন্ট আর চেলসির চেয়ে আট পয়েন্ট পিছিয়ে ছিলাম। আমাদের হাতে তিনটা ম্যাচ ছিল কিন্তু শীর্ষে যাওয়ার জন্য আমাদের সবগুলো ম্যাচেই জিততে হতো।’ কঠিন সেই কাজটা ম্যানচেস্টার সিটি বেশ ভালোভাবেই করেছে। টানা চারটি জয় দিয়ে একেবারে মোক্ষম সময়েই দখল করেছে শীর্ষস্থান। রয়টার্স