গোল করার পর তাঁর অনেক রকম উদ্যাপন-ভঙ্গির একটা—এক তর্জনী উঁচিয়ে ধরা। কালও করলেন। দুর্দান্ত স্টেপ ওভারে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে গোলরক্ষকের ডান পাশ দিয়ে নিলেন জোরালো শট। স্প্যানিশ লিগে পেলেন তাঁর ৪৩ নম্বর গোল। এরপর তর্জনী উঁচিয়ে ধরতেই মনে হলো, ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, ‘ওই তো দেখা যাচ্ছে শিরোপা।’ম্যানচেস্টার ইউনাইটেডে সাফল্যবিধৌত একটা সময়ে ফেলে এসে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। কিন্তু এই তিন মৌসুমে রোনালদোর এখন পর্যন্ত একমাত্র প্রাপ্তি স্প্যানিশ কাপ। আগে দুটো মৌসুমে দেখেছেন বার্সেলোনা আর লিওনেল মেসির উৎসব। এর মধ্যে অবশ্য গতবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু এই মৌসুম থেকে স্বার্থপরতার পালক খসিয়ে নতুন বেশে দেখা দেওয়া রোনালদো বলেছিলেন, ব্যক্তিগত কোনো শিরোপা চাই না। ১০টা পিচিচি ট্রফির বদলে একটা লিগ শিরোপাও তাঁর কাছে অনেক বড়। মনে হচ্ছে, নিজের প্রথম স্প্যানিশ লিগ তো জিতছেনই, পিচিচি ট্রফিটাও থেকে যাচ্ছে তাঁর কাছে। বার্সেলোনার ম্যাচের আগ পর্যন্ত মেসির (৪১) চেয়ে এগিয়ে ছিলেন দুই গোলে। ব্যবধানটি আরও বাড়িয়ে নিতে পারতেন। গোটা দুই সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে রিয়াল কিন্তু সেভিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে ঠিকই উড়িয়ে দিয়েছে। রোনালদোর সঙ্গে করিম বেনজেমার দুই গোল কাল ৩-০ ব্যবধানে জিতিয়েছে তাদের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের বিদায় নেওয়ার হতাশা-ক্লান্তি ভালোমতোই মুছে ফেলেছে রিয়াল। সহকারী কোচ আইতর কারাঙ্কার কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ‘এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জয়। মানসিকভাবে যে দৃঢ়তা এই দলের খেলোয়াড়েরা দেখাল, তারা আসলেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই ম্যাচে তারা ক্লান্তি নিয়ে নেমেছে, কিন্তু দারুণভাবেই সাড়া দিয়েছে। অবশ্য লিগ জিতলেও চ্যাম্পিয়নস লিগের ক্ষত আমাদের সারছে না।’ওদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্ন মিউনিখকেও যেন একটা বার্তা দিয়ে রাখল চেলসি। এই ফাঁকে কোচ রবার্তো ডি মাত্তেওর কাছে বার্তা পাঠালেন ফার্নান্দো তোরেসও। আগের ম্যাচে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া এই স্প্যানিশ স্ট্রাইকার কাল আরাধ্য হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। আড়াই বছর পর হ্যাটট্রিক করলেন তোরেস। প্রথমার্ধের ১৯ আর ২৫ মিনিটেই পেয়ে গিয়েছিলেন দুই গোল। এর সঙ্গে ম্যাচের ৪৬ সেকেন্ডেই ড্যানিয়েল স্টুরিজ আর ১৩ মিনিটে জন টেরি গোল করায় তখনই ম্যাচ একরকম শেষ। প্রথমার্ধেই ৪-০। প্রশ্নটা তখন তোরেসের হ্যাটট্রিক পাওয়া না-পাওয়া নিয়ে। বেশ কবার সুযোগ হাতছাড়া করা তোরেস অবশেষে ৬৪ মিনিটে তৃতীয় গোলটির দেখা পান। ৮০ মিনিটে গোলের অর্ধডজন পূর্ণ করেন ফ্লোরেন্ত মালুদা। কিউপিআরের সান্ত্বনার গোলটি করেছেন জিব্রিল সিসে। ইতালিয়ান সিরি ‘আ’তে কাল বড় জয় পেয়েছে দুই শিরোপাপ্রত্যাশী জুভেন্টাস ও এসি মিলান। দুই দলই প্রতিপক্ষের জালে দিয়েছে ৪ গোল। নোভারার বিপক্ষে জুভেন্টাসের জয়টি ৪-০, মিলান অবশ্য সিয়েনার কাছে খেয়েছে একটি গোল। জুভের মির্কো ভুচিনিচ আর মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচ করেছেন জোড়া গোল। এএফপি, রয়টার্স।