শিরোপার আরও কাছে লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিভারপুলের জয়ের দুই নায়ক সুয়ারেজ ও স্টার্লিং। ছবি: রয়টার্স
লিভারপুলের জয়ের দুই নায়ক সুয়ারেজ ও স্টার্লিং। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে একটা সময় ছিল ‘অল রেড-রাজ’। ‘একটা সময়’ বলতে নব্বই দশকের আগের কথা বলা হচ্ছে। ১৯৮৯-৯০ মৌসুমে জেতার পর লিগ শিরোপা কোনো এক রহস্যময় কারণে লিভারপুলের সঙ্গে গোসা করে বসল। নব্বইয়ের পর কিছুতেই অল রেডদের হাতে ধরা দিল না আরাধ্য শিরোপা। অনেক হয়েছে, আর নয়! এমন ভাবনাই কিনা এ মৌসুমে দুরন্ত গতিতে ছুটছে ব্রেন্ডন রজার্সের দল। আজ নরউইচ সিটিকে ২-৩ ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেল অল রেডরা। এ ক্ষেত্রে লিভারপুল কিছুটা ধন্যবাদ দিতে পারে সান্ডারল্যান্ডকে। শিরোপা প্রতিদ্বন্দ্বী চেলসিকে ২-১ গোলে হারিয়ে লিভারপুলের শিরোপা জয়ের পথটা অনেক মসৃণ করে দিয়েছে সান্ডারল্যান্ড।
ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচের মতো আজও অলরেডদের হয়ে প্রথম গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যাচের ৪ মিনিটেই নরউইচের জালে বল জড়িয়ে দেন লিভারপুল উইঙ্গার। ১১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ফর্মের তুঙ্গে থাকা লুইস সুয়ারেজ। লিগে তাঁর গোল সংখ্যা ৩০। স্প্যানিশ লিগে রোনালদোও কিন্তু করেছেন ২৮ গোল। এতেই বোঝা যাচ্ছে সুয়ারেজের ফর্ম।
মনে হচ্ছিল, লিভারপুল সহজ জয় পেতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়ার্ধে বিরাট চমক। ৫৪ মিনিটে নরউইচের গ্যারি হোপার বল জড়িয়ে দেন লিভারপুলের জালে। গোলের ব্যবধান নিরাপদ নয় ভেবেই কিনা দৃশ্যপটে আবারও হাজির স্টার্লিং। ৬২ মিনিটে ব্যবধান করলেন ১-৩। কিন্তু রজার্সের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে ৭৭ মিনিটে নরউইচের রবার্ট স্নোডগ্রাস বল জড়িয়ে দিলেন লিভারপুলের জালে। তবে শেষ পর্যন্ত স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে অল রেডরা। চূড়ান্ত স্কোর লাইন নরউইচ ২:৩ লিভারপুল।
৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান শীর্ষে। সমান ম্যাচে দ্বিতীয় অবস্থানে থাকা চেলসির পয়েন্ট ৭৫, ৩৩ ম্যাচ খেলে তৃতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭১।