শিরোপার আশা ছেড়ে দিলেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিনটি হার— শেখ রাসেল ক্রীড়া চক্র পথহারা এক দল। ব্রাদার্স ও আবাহনীর কাছে হার আগের দুটি ম্যাচে। ব্যবধান ১-০। কালও একই ব্যবধানে হার ১০ জনের মুক্তিযোদ্ধার কাছে।এ অবস্থায় শিরোপার লড়াই থেকে নিজেদের প্রত্যাহার করছেন কোচ মারুফুল হক। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে তাঁর কণ্ঠটা শোনাল বিষাদময়, ‘আমাদের আর সম্ভাবনা নেই। যেভাবে দল খেলছে, দুই বা তিনে থাকার সম্ভাবনাও কম।’কেন এমন হচ্ছে? মারুফ কারণটা খুঁজে পেয়েছেন, ‘আমরাও চ্যাম্পিয়ন হতে পারি, এই বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে খেলোয়াড়েরা। অনেক চেষ্টা করছি। কিন্তু দল মাঠে বেশ কিছু ভুল করছে। সেটার খেসারত দিতে হচ্ছে ম্যাচ হেরে। নিজের ওপর আস্থা না থাকলে এগোনো কঠিন।’ক্লাব পরিচালনা পর্ষদ পূর্ণ সহযোগিতাই দিচ্ছে জানিয়ে মারুফের গলায় হতাশা, ‘ক্লাব যা করার সবই করছে। কিন্তু খেলোয়াড়েরা উজ্জীবিত নয়। সমস্যাটা খেলোয়াড়দের। অন্যরা পয়েন্ট হারালে আমরা উঠে আসতে পারি ঠিকই, তবে আমরা আরও পয়েন্ট হারাব না, সেই নিশ্চয়তা কই!’ফেনী সকার ও রহমতগঞ্জের সঙ্গে প্রথম দুই ম্যাচে ১-১। আরামবাগ ও মোহামেডানের বিপক্ষে ৩-০ জয়। জয়ের রাস্তা থেকে ছিটকে এখন সাত ম্যাচে রাসেলের পয়েন্ট মাত্র ৮। মুক্তিযোদ্ধা দুই ম্যাচ পর ফিরল জয়ে। একই সঙ্গে এক ম্যাচ পরই আবার উঠে গেল শীর্ষে। মুক্তিযোদ্ধার পয়েন্ট সাত ম্যাচে ১৬। এক ম্যাচ কম খেলা আবাহনী ১৪ পয়েন্ট নিয়ে আছে এর পর।মুুক্তিযোদ্ধা টানা চার জয়ের পর মোহামেডানের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট হারায়। গত ম্যাচটায় ব্রাদার্সের কাছে হার। কালও গোল পেতে অনেকটা সময় পার হয়েছে। ৭৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া যেন শাপে বর হয়েছে লাল-সাদার জন্য।ইয়ামিনকে ফাউল করার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার রেজাউল। ১০ জনের মুুক্তিযোদ্ধা চেপে ধরল শেখ রাসেলকে। দুটি ক্ষুরধার আক্রমণ। ৭৮ মিনিটে আলমগীরের ঠেলে দেওয়া বল আলতো টোকায় জালে পাঠান সানডে। রাসেল গোলরক্ষক বিপ্লব পোস্ট ছাড়লেও বলের নাগাল পাননি। যদিও মারুফের চোখে, ‘ওটা ছিল অফসাইড গোল।’প্রথমার্ধটা রাসেলের। এই অর্ধেই গোল পাওয়া উচিত ছিল দলটির। কিন্তু দুর্ভাগ্য, বুকোলার শট লাগল ক্রসপিচে। প্রথমার্ধের নিষ্প্রভ মুক্তিযোদ্ধা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে। মাঝমাঠ থেকে গড়েছে বেশ কিছু পরিকল্পিত আক্রমণ। কোচ শফিকুল ইসলামসহ গোটা দলই খুশি দ্বিতীয়ার্ধের খেলায়।