শিরোপার কাছাকাছি অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা লিগায় টানা সাত ম্যাচে জয় দিয়ে শিরোপার অনেক কাছাকাছি চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স
লা লিগায় টানা সাত ম্যাচে জয় দিয়ে শিরোপার অনেক কাছাকাছি চলে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ছবি: রয়টার্স

লা লিগায় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার আধিপত্যের অবসান ঘটে যেতে পারে এবারের মৌসুমেই। শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে লা লিগার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করে ফেলেছেন ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
৩৩ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৭৯ পয়েন্ট। আরও এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা। মৌসুমের বাকি পাঁচটি ম্যাচে বড় ধরনের হোঁচট না খেলে এবারই হয়তো ১৯৯৬ সালের পর আবার শিরোপা জয়ের স্বাদ পেয়ে যাবে অ্যাটলেটিকো।
শিরোপার মতোই জমে উঠেছে লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইও। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ডিয়েগো কস্তা। গতকালও একটি গোল করেছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই তারকা। এবারের মৌসুমে এখন পর্যন্ত তিনি করেছেন ২৬টি গোল। বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে আছেন মাত্র দুই গোলের ব্যবধানে।
গেটাফের মাঠে গতকাল প্রথমার্ধে নিজেদের দুর্দান্ত ফর্মটা খুঁজে পেতে একটু কষ্টই হয়েছিল অ্যাটলেটিকোর। তবে ৪০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে দলকে ছন্দে ফেরান ডিয়েগো গোডিন। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চড়াও হয়েই খেলেছে অ্যাটলেটিকো। ৬৬ মিনিটে কস্তা পেনাল্টি মিস না করলে আরও বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারত তারা। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার আক্ষেপ অবশ্য শেষদিকে ঘুঁচিয়ে দিয়েছেন কস্তা। ৮৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছে তাঁর পা থেকেই।

অ্যাটলেটিকোকে শেষ পাঁচটি ম্যাচ খেলতে হবে এলচে, ভ্যালেন্সিয়া, লেভান্তে, মালাগা ও বার্সেলোনার বিপক্ষে।— রয়টার্স