শিরোপার কাছাকাছি ম্যানসিটি
প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন হাতছানি দিচ্ছে ম্যানচেস্টার সিটিকে। গতকাল লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে রবার্তো ম্যানচিনির শিষ্যরা। ৪৫ মিনিটে ম্যাচের ফলাফল নির্ধারণী গোলটি করেছেন ম্যানসিটির ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি।এর আগে এবারের মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে গতবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল ম্যানসিটি। এবারও নগর প্রতিদ্বন্দ্বীকে হারের স্বাদ দিয়ে শিরোপা জয়ের আশাটা আরও জোরদার করেছে ব্লুরা। লিগের ৩৬টি ম্যাচ শেষে দুই দলেরই সমান সংখ্যক ৮৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ম্যানসিটি।চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটায় খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ম্যানসিটি বেশ কয়েকবারই ভালো আক্রমণ শানিয়েছিল প্রতিপক্ষের রক্ষণ ভাগে। আর প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ফলাফল নির্ধারণী গোলটা করে ফেলেন ভিনসেন্ট কোম্পানি। ডেভিড সিলভার কর্নার থেকে অসাধারণ এক হেড করে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়িয়ে দেন এই বেলজিয়ামের ডিফেন্ডার। এই গোলটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। প্রথমবারের মতো প্রিমিয়ারশিপ জয়ের পথে সিটিকে এগিয়ে দিয়েছে অনেকদূর।গতকাল নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচটাতে খুব বেশি আক্রমণ শানাতে পারেননি ম্যানইউয়ের স্ট্রাইকাররা। তাদের মাত্র দুটি শট ছিল ম্যানসিটির গোলপোস্ট লক্ষ্য করে। সিটির গোলরক্ষক জো হার্টকেও খুব বেশি ঘাম ঝরাতে হয়নি গতকাল। এমন একটা ম্যাচে জয়টা যে প্রাপ্যই ছিল সেটাই ম্যাচ শেষে সবাইকে মনে করিয়ে দিয়েছেন ম্যানসিটির কোচ রবার্তো মানচিনি। তিনি বলেছেন, ‘এই ম্যাচে জয়টা আমাদের প্রাপ্যই ছিল। আমরা আরও একটি গোল করার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু তারা তেমন কোনো ভালো সুযোগও পায়নি।’ তবে এই ম্যাচ জিতে শিরোপা জয়ের দিকে অনেকখানি এগিয়ে গেলেও সামনের দুটি ম্যাচেও যে এই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে সেটাও শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন মানচিনি। বলেছেন, ‘আমরা এই ম্যাচটা জিততে পেরে খুবই খুশি। কিন্তু আগামী রোববার নিউক্যাসেলের বিপক্ষে আরও একটি কঠিন ম্যাচের মুখোমুখি হতে হবে আমাদের।’ রয়টার্স।